চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিতদের শপথগ্রহণ অনুষ্ঠিত
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শিল্পীদের শপথবাক্য পাঠ করান সদ্য বিদায়ী সভাপতি মিশা সওদাগর। শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
৮ জুলাই সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণের ৮ নম্বর ফ্লোরে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে ১৭টি ব্যালট বাতিল ঘোষণা করা হয়। ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি পদে ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অভিনেতা শিবা সানু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর আরমান পেয়েছেন ১৭৩ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জয় চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।
নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইলিয়াস কোবরা, যুগ্ম সাধারণ সম্পাদক ডি এ তায়েব, সাংগঠনিক সম্পাদক সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পারভেজ চৌধুরী আবির, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ কামরুজ্জামান কমল।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আলীরাজ, কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা ও সুশান্ত।
এর আগে গত শুক্রবার দিনভর বিএফডিসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। ভোটগ্রহণ শেষে শনিবার ভোরে ফলাফল ঘোষণা করা হয়। শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নতুন নেতৃত্ব।

সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত








