শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ শিক্ষার্থীদের
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অবরোধ :ছবি : সংগ্হৃীত
ভারী বৃষ্টির ফলে দুর্যোগপূর্ণ অবস্থায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ঢাকার দুটি স্থানে সড়ক আটকে বিক্ষোভ করছেন আন্দোলনরত পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) শিক্ষার্থীরা বেলা পৌনে তিনটার দিকে বকশীবাজারে ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান করছেন। সেখানে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন ও ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দেন। দুপুর ১২টার দিকে তারা সায়েন্সল্যাব মোড় ও উত্তরার বিএনএস সেন্টারের সামনে বিক্ষোভ শুরু করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, তীব্র দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বন্যা পরিস্থিতির মধ্যেও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করে অবমাননা করা হয়েছে।
বিক্ষোভকারীরা এসময় ‘দফা এক দাবি এক, মিলনের পদত্যাগ’, ‘এক দুই তিন চার, মিলন তুই গদি ছাড়’, ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।
অবরোধকারী শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেন তারা। প্রায় একই সময়ে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পরীক্ষার্থীরা।
এছাড়া রাজশাহী, বরিশাল বগুড়াসহ দেশের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভের খবর পাওয়া গেছে।

মিরপুর কলেজের দেয়াল ধসে ২ জনের মৃত্যু















