বইয়ের মোড়কে সংগীতশিল্পী শুভ্র দেব’র জীবনী
জনপ্রিয় সংগীতশিল্পী শুভ্র দেবকে এবার বইয়ের পাতায় তুলে এনেছেন ডা. সাবরিনা রুবিন।
বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী শুভ্র দেবকে এবার বইয়ের পাতায় তুলে এনেছেন ডা. সাবরিনা রুবিন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই সাহিত্যিক, অনুবাদক, গীতিকার ও গবেষক শুভ্র দেবকে নিয়ে লিখেছেন ইংরেজি ভাষার জীবনীগ্রন্থ ’A Golden Soul of Music’ সাবরিনা রুবিনের লেখা এই জীবনী গ্রন্থ যুক্তরাস্ট্রের নিউইয়র্কে প্রকাশিত হয়েছে।
ওডিসি ফাউন্ডেশন ফর আর্ট অ্যান্ড কালচার থেকে প্রকাশিত বইটি অ্যামাজন সহ নিউইয়র্কের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে। বইটির সম্পাদনা করেছেন কবি নুরুল হক। নিউইয়র্কে বইটির মোড়ক উন্মোচন করেছেন সর্বভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
বইটিতে শুভ্রদেব’র শৈশব-কৈশোর, সংগীত জীবনের সূচনা, সাফল্য এবং জীবনের নানা অজানা অধ্যায় সাহিত্যময়তায় তুলে ধরেছেন লেখিকা ডা. সাবরিনা রুবিন।
ডা. সাবরিনা রুবিন এর আগে শুভ্র দেব ছাড়াও দেশ-বিদেশের বহু গুণী ব্যক্তিত্বের জীবনী রচনা করেছেন। বাংলাদেশে মানসিক স্বাস্থ্যবিষয়ক ইংরেজি কবিতা এবং ছবি – কবিতার (Photo Poetry) জন্য তিনি বিশেষভাবে সমাদৃত।
তার লেখা বিভিন্ন বই ইতোমধ্যে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যক্তরাজ্য রাশিয়া, আলবেনিয়া, প্যালেস্টাইন, ভারত, পাকিস্তান ও তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশে পাঠকপ্রিয়তা অর্জন করেছে। তিনি দেশে এবং বিদেশে আন্তর্জাতিক বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন। ভারতীয় প্রখ্যাত কণ্ঠশিল্পী হৈমন্তী শুক্লা, উষা উত্থুপ, দেব গৌতম, বাংলাদেশের শুভ্র দেব, শান শায়খসহ অনেক শিল্পী সাবরিনা রুবিনের লেখা গান গিয়েছেন। এছাড়া তিনি ভারতের মালায়ালাম চলচ্চিত্রের জন্যেও গান লিখেছেন।
শুভ্র দেব বাংলাদেশের সংগীতাঙ্গনে নিজস্ব অবস্থান তৈরি করেছেন। চার দশকেরও বেশি সময় ধরে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

কৃষিভিত্তিক উদ্যোক্তা, গবেষণা ও পণ্য বৈচিত্র্যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: মাহ্দী আমিন









