লিফটে আটকা পড়া মা ও দুই বছরের শিশু, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার
উদ্ধারকৃত দুই বছরের শিশু মরিয়ম হাসনাইন আরিফা ও তার মা শিক্ষার্থী লামিয়া আক্তার মিম (২৪) ছবি সংগৃহীত
মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের ১০ তলা ভবনের একটি লিফটে আটকা পড়েছিলেন এক কলেজছাত্রী ও তার দুই বছরের শিশু কন্যা। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের নিরাপদে উদ্ধার করেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার পাঠানো এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৯৯৯-এ ফোন করে জানানো হয়, কলেজের ১০ তলা ভবনের ৯ম তলায় লিফটের ভেতরে এক কলেজছাত্রী ও তার দুই বছরের শিশু কন্যা আটকা পড়েছেন। তারা নিজেরা লিফটের দরজা খোলার চেষ্টা করেও ব্যর্থ হয়ে দ্রুত উদ্ধারের জন্য ৯৯৯-এর সহায়তা চান।
তিনি আরও জানান, খবর পেয়ে ৯৯৯ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিষয়টি মুন্সিগঞ্জ সদর ফায়ার সার্ভিস স্টেশনকে জানায়। মুন্সিগঞ্জ সদর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। স্বল্প সময়ের মধ্যেই লিফটের দরজা খুলে মা ও শিশুকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া দুজন হলেন দুই বছরের শিশু মরিয়ম হাসনাইন আরিফা এবং তার মা লামিয়া আক্তার মিম (২৪)। লামিয়া সরকারি হরগঙ্গা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী।
৯৯৯-এর কলটেকার কনস্টেবল জেনি আক্তার কলটি গ্রহণ করেছিলেন এবং পুরো উদ্ধার কার্যক্রমে সমন্বয় ও তদারকি করেন ৯৯৯-এর ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মো. মেহেদী হাসান।

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার















