রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের গুঞ্জনের মধ্যে থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে আগামীকাল শুক্রবার (২৪ জুলাই ) দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদ সচিবালয় সূত্রের তথ্য অনুযায়ী, সরকারের উচ্চপর্যায়ের বিশেষ অনুরোধে তিনি পূর্বনির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে প্রত্যাবর্তন করছেন।
বৃহস্পতিবার {২৩ জুলাই } সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে দলটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আগামীকালের যেসব কর্মসূচি জানানো হয়েছে, সেখানে বলা হয়েছে, থাইল্যান্ড থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে আগামীকাল দুপুর ১২টা ৪০ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের ঢাকায় ফেরার কথা রয়েছে।
সংসদ সচিবালয় সূত্র জানায়, চিকিৎসার জন্য ১৯ জুলাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সফরসূচি অনুযায়ী, ২৬ জুলাই তাঁর দেশে ফেরার কথা ছিল। আজ বৃহস্পতিবার সে সময় এগিয়ে আনা হয়।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগির পদত্যাগ করতে যাচ্ছেন, এমন খবর প্রকাশের পর বিদেশ থেকে স্পিকারের দেশে ফেরার সময় এগিয়ে আনায় রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা আরও জোরদার হয়েছে। সংবিধান অনুযায়ী, স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
পদত্যাগের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার বিধান আছে সংবিধানে।
সংবিধানে বলা আছে, ‘রাষ্ট্রপতির পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থ হইলে ক্ষেত্রমত রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত কিংবা রাষ্ট্রপতি পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করিবেন।’

কৃষিভিত্তিক উদ্যোক্তা, গবেষণা ও পণ্য বৈচিত্র্যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: মাহ্দী আমিন









