ওমরাহ পালন করে দেশে ফিরেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা
ওমরাহ পালন করে দেশে ফিরেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ছবি : সংগৃহীত
মক্কা-মদিনা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করার পর কিছু সমালোচনা ও প্রশংসা—উভয়েরই মুখোমুখি হন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা । সম্প্রতি পরিবারসহ পবিত্র ওমরাহ পালন করে দেশে ফিরেছেন। তিনি তার বাবা, মা এবং ছোট বোনকে নিয়ে সৌদি আরবে গিয়েছিলেন।
শুক্রবার (২৪ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক এক পোস্টে ভাবনা লিখেছেন, আমাদের ওমরাহ করতে যাওয়ার সিদ্ধান্তটা হুট করে হয়। যদিও হুট করে বললে ঠিক হবে কি না। এবার ঈদের পর জুনের ৬ তারিখ ব্যাংককে যাই। তারপর যেদিন ব্যাংককে আমার শেষ রাত পরদিন বাংলাদেশে চলে আসব। আমি সেদিন রাতে অনেক কাঁদছিলাম আর দিয়াকে (আমার বান্ধবী) বলছিলাম আমি আল্লাহর ঘরে যেতে চাই, যত দ্রুত সম্ভব।
তিনি লিখেন, আমার যেন কিছুতেই মন মানছিল না। মনে হচ্ছিল আমি অনেক কাঁদব আল্লাহর ঘরে গিয়ে। জুনের ২৫ তারিখ আমরা সবাই ওমরাহ করতে রওনা হই।’
এরপর লিখেছেন, আমি ফেসবুকে ততটুকুই বলি, যতটুকু বলতে চাই। এই কথাটা এজন্যই বললাম যে, আল্লাহ আমাকে তার ঘরে আসার সুযোগ দিয়েছেন। ৬ তারিখ রাত থেকে ২৫ তারিখ, কয়েকদিনের মধ্যেই আমি আল্লাহর মেহমান হতে পেরেছি।
নেটিজেনরা অভিনেত্রীর ওমরাহ’র ছবিগুলো দেখে অনেকেই অনেক কথা বলেছেন। নেটিজেনদের সমালোচনার উদ্দেশে ভাবনা লিখেছেন, আমার ওমরাহ নিয়ে আপনারা অনেক উত্তেজিত (সবাই না কিছু মানুষ)। আমার ওমরাহ হবে কি হবে না? আপনারা যারা বাজে মন্তব্য করেন তারা সংখ্যায় খুবই কম। তবে এতটুকু আপনারা নিশ্চিত জানেন, আল্লাহ যদি না চায় আপনি কি তার ঘরে যেতে পারবেন?’
অভিনেত্রীর কথায়, ‘আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন, আল্লাহ তার সব বান্দাদের ভালোবাসেন। জানি না আমার ওমরাহ কবুল হয়েছে কি না।
সবশেষে ভাবনা লিখেছেন, অনেকে বলতে পারেন, ফেসবুকে কেন ওমরাহর ছবি দিলাম। আমি মক্কা-মদিনায় প্রতিটি মুহূর্ত কী কী অনুভব করেছি তা আমি আপনাদের বলতে পারিনি। তবে যারা আমাকে ফলো করে, যারা পজিটিভ মানসিকতার মানুষ তারা আমার এই সময়টা আমাকে দোয়া দিয়েছেন। সে কারণে ছবি দিয়েছি, যাতে আমাকে দেখে আরও কেউ যদি অনুপ্রাণিত হয় সেখানেই আমার সার্থকতা হবে।

কৃষিভিত্তিক উদ্যোক্তা, গবেষণা ও পণ্য বৈচিত্র্যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: মাহ্দী আমিন









