ফেসবুকে মোদির ভিডিও ব্লক, ক্ষমা চেয়ে যা বললো মেটা
মোদির সেলফি ভিডিও ছবি : সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফেসবুক ভিডিও সাময়িকভাবে ব্লক বা রিমুভ করার ঘটনায় ক্ষমা চেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটির পরিচালনাকারী প্রতিষ্ঠান মেটা। প্রতিষ্ঠানটি দাবি করেছে যে, এটি কোনো ইচ্ছাকৃত পদক্ষেপ ছিল না, বরং একটি “কারিগরি ত্রুটি” বা “টেকনিক্যাল ইস্যু”র কারণে ভিডিওটি ভুলবশত সরিয়ে ফেলা হয়েছিল।
মঙ্গলবার (২৮ জুলাই) ভিডিও ব্লকের বিষয়ে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে ফেসবুক, ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগমাধ্যমের মালিকানা প্রতিষ্ঠান মেটা। মেটা বিষয়টিকে একটি ‘কারিগরি ত্রুটি’ হিসেবে উল্লেখ করেছে।
গত ২৩ জুলাই নরেন্দ্র মোদি ব্লক হওয়া সেলফি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে আপলোড করেন। ‘ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ নামে একটি সংগঠনের আয়োজনে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে জেন-জি বা তরুণ প্রজন্মের উদ্দেশে ভিডিও বার্তায় বক্তব্য রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস-এক প্রতিবেদনে উল্লেখ করে, ঘটনার স্পষ্টিকরণ চাইতে মেটা ও ইনস্টাগ্রামের বৈশ্বিক প্রধানদের তলব করেছে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও এ বিষয়ে ব্যাখ্যা দিতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে ভারত সরকার।
পরে, এক বিবৃতিতে মেটার একজন মুখপাত্র জানান- কন্টেন্টটি ভুলবশত সরিয়ে নেওয়া হয়েছিল এবং পরবর্তীতে তা ফিরিয়ে আনা হয়েছে। তবে ভিডিওটির অ্যাকসেস সাময়িকভাবে সীমাবদ্ধ করার আগে পর্যন্ত এটি কয়েক মিলিয়ন বার দেখা হয়েছিল।
ভিডিওটি ইতিমধ্যেই পুনরুদ্ধার করা হয়েছে এবং এটি এখন আগের মতোই ফেসবুক ও ইনস্টাগ্রামে দেখা যাচ্ছে।

সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত








