পশ্চিমবঙ্গের টিভি চ্যানেল ’সান বাংলা’য় অতিথি জয়া আহসান
ভারতের টিভিতে জয়া আহসান.. ছবি : সংগৃহীত
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান পশ্চিমবঙ্গের সান বাংলা চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর বিশেষ অতিথি হিসেবে হাজির হচ্ছেন। জুলাই মাসের এই বিশেষ গ্র্যান্ড ফিনালে পর্বটি আগামী ৩১ জুলাই সন্ধ্যা ৭টায় সম্প্রচারিত হবে।
জয়া আহসান ‘আমি মিস ক্যালকাটা’, ‘লাগে উরাধুরা’-এর মতো হিট নাচে-গানে জমিয়ে তুলবেন এই বিশেষ পর্ব।। শুধু প্রতিযোগী বা দর্শকেরা নন, সঞ্চালিকা সুদীপ্তা চক্রবর্তীও সমানভাবে মুগ্ধ জয়া আহসানের ক্যারিশমায়। তাঁদের দুজনের আড্ডা ও গল্প পর্বটিকে আরও প্রাণবন্ত করে তুলবে। সুদীপ্তা চক্রবর্তীর পাশাপাশি চার প্রতিযোগীর সঙ্গেও গল্প জমাবেন জয়া। তাঁদের জীবনসংগ্রামের কথা শুনবেন, সাহস জোগাবেন এবং উদ্যাপন করবেন সাফল্যের।
’সান বাংলা’ চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে, অনুষ্ঠানের সঞ্চালক সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে জয়ার আন্তরিক কথোপকথন এবং খুনসুটি এই বিশেষ পর্বকে আরও আকর্ষণীয় করে তুলেছে। দুজনের সহজ রসায়ন দর্শকদের জন্য বাড়তি পাওনা হতে চলেছে।
১০ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জয়া অভিনীত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। কৌশিক গাঙ্গুলী পরিচালিত এই সিনেমার প্রচারে পশ্চিমবঙ্গে ব্যস্ত সময় পার করছেন জয়া। ছুটে বেড়াচ্ছেন বিভিন্ন হলে, সরাসরি কথা বলছেন দর্শকদের সঙ্গে, বিভিন্ন গণমাধ্যমে দিচ্ছেন সাক্ষাৎকার। এর অংশ হিসেবে লাখ টাকার লক্ষ্মী লাভ গেম শোতে অংশ নিলেন জয়া।

আন্তর্জাতিক মুক্তির একদিন আগেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’









