বলিউড অভিনেতা টাইগার শ্রফ এবার পেশাদার ফুটবলে
ফুটবলার টাইগার শ্রফ ছবি : সংগৃহীত
বলিউড অভিনেতা টাইগার শ্রফ পেশাদার ফুটবলে পা রাখতে চলেছেন। ২০২৪ সালে মুম্বাই এফসি (Mumbay FC) প্রতিষ্ঠার পর থেকে ক্লাবটির সাথে যুক্ত টাইগার, বর্তমানে ভারতের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট ডুরান্ড কাপে (Durand Cup) খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, আগামী সপ্তাহেই ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে মুম্বাই এফসির জার্সিতে অভিষেক হতে পারে টাইগার শ্রফের। বর্তমানে তিনি দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করছেন এবং শিলংয়ে অনুষ্ঠিতব্য গ্রুপ পর্বের একটি ম্যাচে দলের সঙ্গে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
মুম্বাই এফসির সহ-মালিক জোহেব আমরানি জানান, টাইগার ইতোমধ্যে দলের হয়ে নিবন্ধিত হয়েছেন। এখন তার অভিষেক নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।
গণমাধ্যমকে জোহেব আমরানি বলেন, ‘টাইগারের মতো জনপ্রিয় একজন ব্যক্তিকে নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্তরের শহরগুলোতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে হয়। তাকে ঘিরে দর্শকদের ব্যাপক আগ্রহ তৈরি হতে পারে, যা পরিস্থিতিকে কিছুটা জটিল করে তুলতে পারে। এসব বিষয় বিবেচনায় রেখে আমরা তার কাছ থেকে একটি নির্দিষ্ট তারিখ পেয়েছি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে সে অবশ্যই একটি ম্যাচে দলের সঙ্গে থাকবে। বর্তমানে সে নিয়মিত দলের সঙ্গে অনুশীলন করছে।’
জোহেব আমরানি আরও বলেন, ‘ওই টুর্নামেন্টেই আমি বুঝতে পারি, টাইগার শুধু ফুটবল খেলতেই পারে না, খেলাটির কৌশলগত দিক সম্পর্কেও তার ভালো ধারণা রয়েছে।’
এরপরই তাকে মুম্বাই এফসিতে অনুশীলনের আমন্ত্রণ জানানো হয়। দীর্ঘদিনের সেই প্রস্তুতির পর এবার পেশাদার ফুটবলে অভিষেকের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন ‘বাঘি’খ্যাত এই অভিনেতা।
উল্লেখ্য, ভারত তথা এশিয়ার অন্যতম প্রাচীন ফুটবল প্রতিযোগিতা ডুরান্ড কাপ-এর ১৩৫তম আসর শুরু হয়েছে গত ২৫ জুলাই। টুর্নামেন্টে ৩, ৮ ও ১১ আগস্ট এই তিন ম্যাচের যেকোনো একটিতে পেশাদার ফুটবলার হিসেবে টাইগার শ্রফকে দেখা যেতে পারে।

এবার অমিত শাহর পদত্যাগ দাবি করলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ।


















