নেত্রকোনায় বিয়ে বাড়িতে প্রেমিকার হানা, শোকে বরের বাবার আত্মহত্যা
নেত্রকোনায় বিয়ে বাড়িতে প্রেমিকার হানা। ছবি : সংগৃহীত
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ছেলের বিয়ে চলাকালে বাড়িতে এক তরুণী এসে নিজেকে বরের প্রেমিকা দাবি করায় বিয়ে ভেঙে যায়, এবং এই লজ্জায় ও মানসিক আঘাত সইতে না পেরে বরের বাবা মোহাম্মদ সুরুজ মিয়া (৪৫) আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় ওই ২ নারীকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
ছেলে বিয়ে করতে যাওয়ার পর বাড়িতে প্রেমিকার আগমন এবং শেষ পর্যন্ত লোকসমাজে বিয়ে ভেঙে যাওয়ার বিষয়টি সুরুজ মিয়া মেনে নিতে পারেননি। তীব্র মানসিক ক্ষোভ ও লজ্জায় ওই দিন রাত আনুমানিক ১১টার দিকে নিজ বসতঘরের পাশে একটি আমগাছের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগান তিনি। পরবর্তীতে তাঁর স্ত্রী হেলেনা খাতুন লাশ ঝুলতে দেখে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পানিশানা পূর্বপাড়া গ্রামে বুধবার সুরুজ মিয়ার বড় ছেলে হেলাল মিয়ার (২২) সঙ্গে পার্শ্ববর্তী হিরণ্যপট্টি গ্রামের এক তরুণীর বিয়ের দিনক্ষণ নির্ধারিত ছিল।
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন,মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জিজ্ঞাসাবাদের জন্য বিয়েবাড়িতে আসা জান্নাতী খাতুন ও শাহিনুর বেগমকেও পুলিশ হেফাজতে আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের সেনাবাহিনীর


















