দুবাইয়ে জামিনে কারামুক্ত বেনজীর আহমেদ
দুবাইয়ে জামিনে কারামুক্ত বেনজীর আহমেদ । ছবি সংগৃহীত
সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ের একটি আদালত থেকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন।
রবিবার (২ আগস্ট) বেনজীর আহমেদের ঘনিষ্ঠ একটি সূত্র তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। জামিনে মুক্তি পেলেও বেনজীর আহমেদের ওপর দেশত্যাগের নিষেধাজ্ঞা বহাল রয়েছে। ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না।
গত ২৭ জুলাই,আদালত তার জামিন আবেদন মঞ্জুর করার পর ৩০ জুলাই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তিনি কারামুক্ত হন। কারামুক্তির পর তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে আদালতের নির্দেশ অনুযায়ী তিনি জামিন পেয়েছেন এবং বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছেন। তবে চলমান আইনি প্রক্রিয়া নিয়ে এ মুহূর্তে বিস্তারিত মন্তব্য করতে চাননি।
দুবাইয়ের একাধিক সূত্র জানিয়েছে, জামিনের শর্ত অনুযায়ী বেনজীর আহমেদের পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে। আদালতের অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না।
সূত্রগুলোর দাবি, বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো প্রত্যর্পণ-সংক্রান্ত নথি ও অন্যান্য আইনি কাগজপত্র আদালতে উপস্থাপন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন দেন। তবে এ বিষয়ে দুবাই কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‘ল ফার্ম’ নিয়োগ দিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী














