গুলশানের চামেলী’র শুভ মহরতে তারকার মেলা। ছবি সংগৃহীত
রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে পরিচালক মো. ইকবালের নতুন চলচ্চিত্র ‘গুলশানের চামেলি’র শুভ মহরত ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের চলচ্চিত্রে এরকম ঘটা করে জাকজমক মহরতের শুভযাত্রা আবার শুরু হলো। চলচ্চিত্র সংশ্লিষ্ট শিল্পী কলাকুশলী এবং বিনোদন সাংবাদিকরা মহাখুশী।
শনিবার ( ১ আগষ্ট) হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাও ‘গুলশানের চামেলি’র শুভ মহরত অনুষ্ঠানে জানানো হয় অভিনয়শিল্পীদের নাম। এতে আরও অভিনয় করবেন একঝাক তারকা : চিত্র নায়িকা রোজিনা, আজমেরী হক বাঁধন,চিত্র নায়ক ওমর সানী, মিশা সওদাগর, আশীষ খন্দকার, মুকিত জাকারিয়া প্রমুখ।
‘গুলশানের চামেলি’ সিনেমার নামভূমিকায় অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবং এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতি ভেঙে বড় পর্দায় ফিরছেন অভিনেতা চিরসবুজ নায়ক আমিন খান ।

মধুমিতা বলেন, ‘‘চামেলি চরিত্রটি আমার অভিনয় জীবনের অন্যতম কঠিন একটি চরিত্র। আর বাংলাদেশের সিনেমায় প্রথম কাজেই এমন একটি চ্যালেঞ্জিং চরিত্র পেয়ে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন।’’
অভিনেত্রী মধুমিতা সরকার আরও বলেন, ‘‘বাংলাদেশের কিংবদন্তি শিল্পীদের সঙ্গে একই পর্দায় অভিনয়ের সুযোগ তার জন্য অত্যন্ত গর্বের এবং আজীবন স্মরণীয় একটি অভিজ্ঞতা হয়ে থাকবে।’’
চলচ্চিত্র পরিচালক মো. ইকবালের প্রত্যাশা করেন, ভিন্নধর্মী গল্প ও শক্তিশালী অভিনয়ের সমন্বয়ে ‘গুলশানের চামেলি’ দর্শকদের জন্য হয়ে উঠবে একটি বিশেষ সিনেমা।
জানা গেছে, আগামী নভেম্বর অথবা ডিসেম্বর মাসে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে। এখন দেখার অপেক্ষা, বড় পর্দায় ‘চামেলি’ হয়ে মধুমিতা সরকার কতটা মুগ্ধ করতে পারেন বাংলাদেশের দর্শকদের।
চিত্র নায়ক আমিন খান দীর্ঘদিন পর সিনেমায় ফেরা প্রসঙ্গে বলেন, ‘খুব ভালো লাগছে, অনেক দিন পর সিনেমায় কাজ করছি। আমি বলব, সুযোগ হয়েছে। মাঝে অনেকটা সময় গ্যাপ দিয়েছি। কেন জানি না ব্যাটে-বলে মিলছিল না।
আমিন খান আরও বলেন, ’নির্মাতা ইকবাল যখন প্রস্তাব দিল, তখন মনে হলো সিনেমাটি করা যায়। এ ছাড়া এ সিনেমায় গুণী অনেক শিল্পী কাজ করছেন। সবার চেষ্টা থাকবে একটি সুন্দর সিনেমা উপহার দেওয়ার।’
গুলশানের চামেলি নির্মিত হচ্ছে : রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার জীবনের বাস্তবতাকে কেন্দ্র করে। গল্প আবর্তিত হয়েছে একজন যৌনকর্মীকে ঘিরে, কোনো অপরাধ না করেও বারবার ক্ষমতার নির্মম খেলার শিকার হয় সে। এই চরিত্রে অভিনয় করবেন টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার। এই সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হচ্ছে মধুমিতার। মহরতে অংশ নেওয়ার জন্য গতকাল কলকাতা থেকে ঢাকায় এসেছেন মধুমিতা।
অ্যাক্সেল ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটি প্রযোজনা করছেন জাহাঙ্গীর শিকদার। চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। নির্মাতা জানান, আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে শুটিং শুরু করার পরিকল্পনা করা হয়েছে। আগামী বছরের কোনো এক ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে গুলশানের চামেলি।