এত গুম-খুন করেও আওয়ামী লীগের অনুশোচনা নেই: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেন, এত গুম-খুন করার পরও আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই।
বুধবার (৫ আগস্ট) দুপুরে ‘জুলাই গণঅভ্যুথান দিবস’ উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।
তার অভিযোগ, অনুশোচনা করার বদলে আওয়ামী লীগ এখনো নানাভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করে যাচ্ছে। দলটিতে রাজপথে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ার করেন তিনি।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রশ্ন, ‘কেউ বক্তব্য দিতে গেলে ভুয়া ভুয়া বলা কেমন সংস্কৃতি? রাষ্ট্রীয় অনুষ্ঠানে এসব মানায় না। আমরা শিখবো কবে? আমরা সবাইকে সম্মান করতে চাই।’
জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের বিষয়ে তিনি বলেন, ‘তাদের পরিবার এবং আহতদের পুনর্বাসন ও চিকিৎসা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। দেশের সামর্থ্য অনুযায়ী সরকার তাদের পাশে থাকবে এবং যথাযথ সম্মান নিশ্চিত করবে।’
হাফিজ উদ্দিন বলেন, ‘২৭ বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি। এখন ৮২ বছর বয়সে বাংলাদেশের জন্য প্রয়োজন হলে আবারও লড়াই করব। দেশের জনগণের জন্য গণতন্ত্রকে চিরস্থায়ী করে যাবো । গণতন্ত্র ও নির্বাচন প্রসঙ্গে বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ যেমন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম ছিল, তেমনি জুলাইয়ের আন্দোলনও গণতন্ত্রের জন্য।
তিনি বলেন, নির্বাচন গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ এবং মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক চর্চা বজায় থাকলেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে।
জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ বলছে, ডিসেম্বরে দেশে আসবে। আসেন! আমরাও দেখবো।
এসময় অনুষ্ঠানে প্রদর্শিত একটি ডকুমেন্টারিতে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি না থাকায় উপস্থিত কয়েকজনের হট্টগোলের ঘটনাকে অনভিপ্রেত বলে মন্তব্য করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।
তিনি বলেন, জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম, তা দুঃখজনক। যে প্রামাণ্যচিত্র দেখানো হয়েছে তাতে অসঙ্গতি আছে। এজন্য দুঃখ প্রকাশও করা হয়েছে। তারপরও একে পুষে রেখে বিশৃঙ্খলা কাম্য নয়।
এই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের গণতান্ত্রিক কাঠামোকে মজবুত করা বর্তমান বিএনপির নেতৃত্বাধীন সরকারের প্রধান লক্ষ্য বলেও মন্তব্য করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।

সস্তা রাজনীতি ও বিভাজনে ফ্যাসিস্টদের সুযোগ নেওয়ার আশঙ্কা : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি


















