শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত: রিজভী
ছবি : সংগৃহীত
পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দিল্লিতে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়ে ভারত সরকার জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চরম অসম্মান করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
ভারতের ভূমিকার সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে দেড় হাজারের বেশি তরুণ শিক্ষার্থী প্রাণ দিয়েছেন। হাজারো মানুষের রক্তের বিনিময়ে সরকারের পতনের দিন দিল্লিতে একটি অনুষ্ঠানে শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এটি শহীদদের প্রতি অবমাননা।
এ সময় শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দিনে তাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায় দিল্লির ইন্ধন আছে বলেও মনে করেন রিজভী।
রিজভী বলেন, ‘শেখ হাসিনা হত্যা ও দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত এবং পলাতক আসামি। দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য চিঠি দেওয়া হলেও ভারত কোনো জবাব দেয়নি।বরং তাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, যা পারস্পরিক বিশ্বাস ও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।’

সস্তা রাজনীতি ও বিভাজনে ফ্যাসিস্টদের সুযোগ নেওয়ার আশঙ্কা : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি














