রাজধানীর ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা
রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে সরকার একটি সমন্বিত ও নতুন পরিকল্পনা হাতে নিয়েছে। গত ১৩ আগস্ট ২০২৬ তারিখে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক সভায় এই নীতিমালার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ঢাকার যানজট নিয়ন্ত্রণ, সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতেই মূলত এই বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।এ বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কারিগরি সহায়তা দেবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ই-রিকশা ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক আলোচনাসভায় এ উদ্যোগের কথা জানানো হয়।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সভায় সভাপতিত্ব করেন ।
প্রশাসক মো. আবদুস সালাম বলেন, যেসব অটোরিকশা বা যন্ত্রচালিত রিকশাকে অনুমতি দেওয়া হবে, সেগুলো যত্রতত্র তৈরি করা যাবে না। ঢাকা শহরের জন্য নির্ধারিত কিছু কারখানা ঠিক করে দেওয়া হবে। এসব কারখানায় রিকশা উৎপাদনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
সভায় নগর ব্যবস্থাপনা, যান চলাচলে শৃঙ্খলা, সড়ক নিরাপত্তা এবং বিদ্যমান বাস্তবতার আলোকে ব্যাটারিচালিত ই-রিকশা ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ গ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সংশ্লিষ্ট অংশীজনরা এ বিষয়ে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।
সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এবং স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬-এর আলোকে ই-রিকশা ব্যবস্থাপনার জন্য একটি নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা গেলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রম চালু করা হলে একদিকে ই-রিকশা ব্যবস্থাপনায় শৃঙ্খলা আসবে, অন্যদিকে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।

হলিউডের সাথে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ‘দ্য অ্যান্ড অব ওক স্ট্রিট’













