দীপ্ত টিভি’র সালমান শাহ’কে স্মরণ করে সপ্তাহজুড়ে প্রচারণা
সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ আয়োজন করেছে দীপ্ত টিভি। আগামী ৫ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত টানা সাত দিন প্রচার হবে তার অভিনীত সাতটি সিনেমা । প্রতিদিন দুপুর ২টা ৩০ মিনিটে একটি করে সিনেমা দেখানো হবে।
বাংলা চলচ্চিত্রের দর্শকের কাছে এখনো আবেগের এক নাম সালমান শাহ। অভিনয়ের স্বতন্ত্র ধরন, পর্দায় আকর্ষণীয় উপস্থিতি এবং অকালপ্রয়াণের কারণে মৃত্যুর তিন দশক পরও দর্শকের হৃদয়ে অমলিন হয়ে আছেন নব্বইয়ের দশকের এই জনপ্রিয় নায়ক।
সাত দিনের এই বিশেষ আয়োজনের মাধ্যমে দর্শকের সামনে আবারও ফিরে আসবেন বাংলা চলচ্চিত্রের স্মরণীয় এই নায়ক। তার অভিনীত সিনেমাগুলো দেখার মধ্য দিয়ে পুরোনো দর্শকেরা ফিরে যেতে পারবেন নব্বইয়ের দশকের চলচ্চিত্রের স্মৃতিতে। পাশাপাশি নতুন প্রজন্মের দর্শকরাও জানার সুযোগ পাবেন সেই সময়ের জনপ্রিয় নায়ক সালমান শাহকে।
আয়োজনের প্রথম দিন ৫ সেপ্টেম্বর প্রচারিত হয়েছে শাহ আলম কিরণ পরিচালিত ‘বিচার হবে’। ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুবার্ষিকীর দিনে দর্শক দেখেছে এম এ খালেদ পরিচালিত ‘স্বপ্নের ঠিকানা’ এব্ং ৭ সেপ্টেম্বর প্যচারিত হয়েছে শিবলি সাদিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’।
আজ ৮ সেপ্টেম্বর প্রচার হবে মালেক আফসারী পরিচালিত ‘এই ঘর এই সংসার’। এতে সালমান শাহর সহশিল্পী হিসেবে রয়েছেন বৃষ্টি, রোজী আফসারী, বুলবুল আহমেদ, আলীরাজ ও তমালিকা কর্মকার।
৯ সেপ্টেম্বর দেখানো হবে জাকির হোসেন রাজু পরিচালিত ‘জীবন সংসার’। সিনেমাটিতে সালমান শাহর সঙ্গে অভিনয় করেছেন শাবনূর, ফারুক, ববিতা ও গোলাম মুস্তাফা।
১০ সেপ্টেম্বর প্রচারিত হবে রেজা হাসমত পরিচালিত ‘প্রেম পিয়াসী’। এতে সালমান শাহর সঙ্গে অভিনয় করেছেন শাবনূর, আনোয়ারা, রাজীব ও মিশা সওদাগর।
সপ্তাহব্যাপী এ আয়োজনের শেষ দিনে ১১ সেপ্টেম্বর প্রচার হবে বাদল খন্দকার পরিচালিত ‘স্বপ্নের পৃথিবী’। সিনেমাটিতে সালমান শাহর সঙ্গে অভিনয় করেছেন শাবনূর, রাজীব, ববিতা ও রাইসুল ইসলাম আসাদ।

সারাদেশে বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার, মিলবে ভাতাও


















