রাশিয়ার মিসাইল হামলায় ইউক্রেনের টেনিস তারকার বাড়ি বিধ্বস্ত
রাশিয়ার কালিব্র ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের তারকা টেনিস খেলোয়াড় দায়ানা ইয়াস্ত্রেস্কার (Dayana Yastremska) ওদেসার পারিবারিক অ্যাপার্টমেন্ট সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর ) দিবাগত রাতে কৃষ্ণসাগর সংলগ্ন বন্দরনগরী ওদেসায় চালানো এই ভয়াবহ হামলায় ভবনটিতে আগুন ধরে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওদেসা অঞ্চলের প্রধান ওলেহ কিপার জানিয়েছেন, হামলায় অন্তত ৩৭ জন আহত হয়েছেন।
হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ধ্বংসযজ্ঞের ছবি ও ভিডিও পোস্ট করে এই ঘটনার বিবরণ দেন দায়ানা।
হামলার পর ধ্বংস হয়ে যাওয়া বহুতল ভবনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন ইয়াস্ত্রেমস্কা। আগুনে জ্বলতে থাকা ভবনের ছবি দিয়ে তিনি লেখেন, ‘এটাই রুশ বিশ্বের চেহারা। কালিব্র ক্রুজ ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত।’
এরপর ধ্বংসস্তূপের মধ্যে ঝুলে থাকা কমলা রঙের একটি তোয়ালের ছবি পোস্ট করেন তিনি। সেটি রোলাঁ গারোর তোয়ালে। ইয়াস্ত্রেমস্কা লেখেন, ‘একটি রোলাঁ গারোর তোয়ালে ছাড়া আর কিছুই বেঁচে নেই।’
আরেকটি পোস্টে নিজের ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন ইউক্রেনের এই টেনিস তারকা। তিনি জানান, রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র তাদের ওদেসার অ্যাপার্টমেন্ট ধ্বংস করে দিয়েছে। ইয়াস্ত্রেমস্কা লেখেন, ‘রুশ ক্ষেপণাস্ত্র থেকে টেনিসের একটি অংশ বেঁচে গেছে, তবে আমাদের বাড়ি বাঁচেনি।’
এই ঘটনার দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন টেনিসের দুই শীর্ষ সংস্থা ডব্লিউটিএ ও আইটিএফের প্রতি। তিনি লিখেছেন, ‘ডব্লিউটিএ ও আইটিএফ, এই ছবিগুলো আমাদের চোখ দিয়ে দেখুন।’
রাশিয়ার পূর্ণমাত্রার ইউক্রেন আগ্রাসন শুরুর পর দেশটির ক্রীড়াবিদদের বাড়িঘরে হামলার ঘটনা অবশ্য নতুন নয়। গত বছর ইউক্রেন জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হেওরহি সুদাকভ জানিয়েছিলেন, কিয়েভে রুশ ড্রোন হামলায় তাঁর অ্যাপার্টমেন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার সময় তার স্ত্রী ও সন্তানও বাড়িতে ছিলেন।
বর্তমানে মেয়েদের টেনিসের বিশ্ব র্যাঙ্কিংয়ে ১১৩ নম্বরে আছেন ইয়াস্ত্রেমস্কা। ২০২৪ অস্ট্রেলিয়ান ওপেনে সেমিফাইনালে উঠে ক্যারিয়ারের অন্যতম বড় সাফল্য পেয়েছিলেন তিনি।

বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন


















