বৃদ্ধাশ্রমে প্রবীণদের নিয়ে বসুন্ধরা শুভসংঘের আনন্দঘন দিন উদযাপন
১ অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে পরিবার বিচ্ছিন্ন ও একাকী জীবন কাটানো প্রবীণ মানুষদের মুখে ক্ষণিকের জন্য হলেও হাসির ঝিলিক ফুটিয়ে তোলা এবং প্রজন্মের সঙ্গে প্রজন্মের একটি সুদৃঢ় হৃদয়ের সেতুবন্ধন তৈরি করায় বসুন্ধরা শুভসংঘের এই আয়োজন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোলার নিজাম-হাসিনা বৃদ্ধাশ্রমে প্রবীণদের সাথে একটি অত্যন্ত মানবিক ও আনন্দঘন দিন উদযাপন বসুন্ধরা শুভসংঘ এই আয়োজন করেছিল।
শুভসংঘের তরুণ সদস্যরা বৃদ্ধাশ্রমের প্রবীণ বাসিন্দাদের পাশে বসেন, তাঁদের হাত জড়িয়ে ধরেন এবং অত্যন্ত মনোযোগ ও শ্রদ্ধার সাথে তাঁদের জীবনের গল্প, সুখ-দুঃখ ও স্মৃতিচারণ শোনেন।
বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখার সভাপতি মো. শাফায়াত হোসেন বলেন, ‘বৃদ্ধাশ্রমের প্রবীণদের নিয়ে আনন্দঘন দিন উদযাপন আমাদের কাছে শুধু একটি অনুষ্ঠান নয়; এটি আমাদের দায়িত্ববোধ, ভালোবাসা ও মানবিকতার ছোট্ট একটি প্রকাশ। একসময় যাঁরা আমাদের হাত ধরে হাঁটতে শিখিয়েছেন, আজ তাঁদের পাশে দাঁড়িয়ে কয়েকটি মুহূর্ত কাটাতে পারা আমাদের জন্য বড় সৌভাগ্যের। তাঁদের জীবনের শূন্যতার পাশে যদি আমরা সামান্য ভালোবাসা নিয়ে দাঁড়াতে পারি, সেটুকুই আমাদের সার্থকতা।
বৃদ্ধাশ্রমের বাসিন্দা মো. ফারুক আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘আমাদের জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন হয় আপনজনের সঙ্গ। ওরা এসে আমাদের সঙ্গে সময় কাটায়, কথা বলে এটাই আমাদের কাছে অনেক বড় আনন্দ।’ এই কথার মধ্যেই যেন লুকিয়ে ছিল পুরো আয়োজনের সার্থকতা।
একজন প্রবীণের মুখে হাসি ফুটিয়ে তোলার জন্য হয়তো বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই। প্রয়োজন শুধু একটু সময়, একটু মনোযোগ আর আন্তরিকতা। ভোলায় বসুন্ধরা শুভসংঘের এই আয়োজন সেই সহজ সত্যটিকেই যেন নতুন করে সামনে নিয়ে এলো।
আয়োজনের শুরুতেই কেউ প্রবীণের পাশে বসে হাত ধরেছেন, কেউ মনোযোগ দিয়ে শুনেছেন তাঁদের জীবনের গল্প। আর প্রবীণদের চোখেমুখে ছিল দীর্ঘদিন পর পাওয়া আপনজনের সান্নিধ্যের আনন্দ।
দিন শেষে যখন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা বিদায়ের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন অনেক প্রবীণের চোখেমুখে ছিল মায়া। কেউ আবার পরের বার কবে আসবেন, সেই অপেক্ষার কথাও জানান। বিদায়ের মুহূর্তে তৈরি হওয়া সেই টানই বলে দেয়, কয়েক ঘণ্টার এই আয়োজন তাঁদের কাছে কতটা মূল্যবান ছিল।
ভোলার বৃদ্ধাশ্রমে বসুন্ধরা শুভসংঘের এই আয়োজন তাই শুধু একটি সামাজিক কর্মসূচি নয়; এটি ছিল প্রজন্মের সঙ্গে প্রজন্মের হৃদয়ের সেতুবন্ধন। ছিল শ্রদ্ধা, ভালোবাসা ও মানবিকতার এক সুন্দর প্রকাশ।
বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখার সভাপতি মো. শাফায়াত হোসেন (সিয়াম) এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংঘের জেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের ভোলা জেলা প্রতিনিধি ইকরামুল আলম, নিউজ টোয়েন্টিফোরের ভোলা জেলা প্রতিনিধি মো. মঞ্জুর আলম।
আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মীর আবিদ হোসেন রাফি, সহ-সাংগঠনিক সম্পাদক মাহামুদুর রহমান, জান্নাতুল ফেরদৌস মিথিলা, দপ্তর সম্পাদক নুর ফাতেমা, সহ দপ্তর সম্পাদক আরিয়ান আহমেদ রকি, অর্থ সম্পাদক সাফা ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুর রহমান জামী, আপ্যায়ন বিষয়ক সম্পাদক নুসরাত জাহান, কার্যকরী সদস্য লাইজু আক্তার, মো. রাসেল সহ বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।

ফজলুল হক স্মৃতি পুরস্কার’২০২৬ পেলেন মাহমুদা চৌধুরী ও মেজবাউর রহমান সুমন
















