জুনের মধ্যে জ্বালানি নীতিমালা হবে। রাজধানীর প্রতিটি বাড়িতে সোলার প্যানেল বসানোর উদ্যোগ নিয়েছে সরকার। আজ (বৃহস্পতিবার, ৭ মে) সকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এসময় বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে এখনই মন্তব্য নয় বলে জানান মন্ত্রী।
জ্বালানি সংকট মেটাতে নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে বিশ্বের বিভিন্ন দেশ। মধ্যপ্রাচ্য সংঘাত আরও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিকল্প জ্বালানির প্রয়োজনীয়তা। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের বিদ্যুৎ সংকট মোকাবিলায় নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। যদিও নবায়নযোগ্য জ্বালানি খাতে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। মোট বিদ্যুৎ চাহিদার মাত্র ৪-৫ শতাংশ মিটছে এই খাত থেকে।
তবে এরইমধ্যে বিদ্যুতের ঘাটতি মেটাতে সরকার সোলারের ওপর বিশেষ জোর দিচ্ছে। পরিকল্পনার অংশ হিসেবে আগামী পাঁচ বছরে সোলার থেকে ১০ হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৫তম আন্তর্জাতিক বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপো অ্যান্ড ডায়ালগের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন জ্বালানিমন্ত্রী।
জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আপনাদেরকে যাতে ট্যাক্স বেশি না দিতে হয় সেজন্য আমরা আলোচনা করছি। আমি আশা করি যে এই মাসের মধ্যে আমরা একটা পলিসি তৈরি করতে পারব এবং জুন মাসের মধ্যে আমরা ক্যাবিনেট অ্যাপ্রুভ করে এটাকে কী বলে সরকারি আদেশ হিসেবে আমরা ছাড়তে পারবো।’
এসময় মন্ত্রী জানান, বিদ্যুতের বিকল্প ব্যবস্থা তৈরি করতে সোলার পাওয়ারকে সহজলভ্য করা হবে। রাজধানীতে বিদ্যুতের চাপ কমাতে প্রতিটি বাসার ছাদে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগের পাশাপাশি সরকার নবায়নযোগ্য জ্বালানির মধ্যে সোলার ও উইন্ড এনার্জিকে বিশেষ গুরুত্ব দিতে চায় বলে উল্লেখ করেন জ্বালানিমন্ত্রী। আগামী জুনের মধ্যে সরকারি আদেশ জারির মাধ্যমে এ বিষয়ে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলেও জানান তিনি।
জ্বালানিমন্ত্রী বলেন, ‘ঢাকা শহরে যদি আপনারা যদি প্রত্যেকটা হাউজহোল্ডকে যদি আমরা এই সোলারের আওতায় নিয়ে আসতে পারি এবং প্রাইভেট এন্টারপ্রেনারদেরকে যদি দেই, তাহলে আমি মনে করি যে আমার ঢাকার যে লোডটা আছে, অনেক লোড কমে যাবে।’
এদিকে, বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়ে এখনই মন্তব্য করতে চাননি মন্ত্রী।