বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল, দেশে ভরি কত?
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরও বেড়েছে। মূল্যস্ফীতি ও উচ্চ সুদের হার নিয়ে উদ্বেগ কমে আসায় সপ্তাহজুড়ে এই মূল্যবান ধাতুর দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। একইসঙ্গে নতুন করে সংঘাত শুরু হলেও যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিনিয়োগকারীরা এখনও আশাবাদী।
শুক্রবার (৮ মে) বাংলাদেশ সময় সকাল ১০টা ৭ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭১৫ দশমিক ৪৯ ডলারে পৌঁছেছে। আর জুন ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৩ শতাংশ বেড়ে ৪ হাজার ৭২৫ ডলারে দাঁড়িয়েছে।
ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ আর্থিক বাজার বিশ্লেষক কাইল রডা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তির বিষয়ে আশাবাদ এখনও অব্যাহত রয়েছে। এই খবর আপাতত স্বর্ণের বাজারকে সমর্থন দিচ্ছে।’
ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে স্বর্ণের দাম ১০ শতাংশের বেশি কমেছে, যার পেছনে তেলের দামে ঊর্ধ্বগতি বড় ভূমিকা রেখেছে। অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেলে মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে, ফলে সুদের হার বৃদ্ধির সম্ভাবনাও বেড়ে যায়। যদিও স্বর্ণকে মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে ধরা হয়, তবুও উচ্চ সুদের হার সাধারণত সুদবিহীন এই সম্পদের ওপর চাপ সৃষ্টি করে।
রডা যোগ করেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরান কোনও সমঝোতার কাছাকাছি পৌঁছাচ্ছে কি না, তা জানতে সবাই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে। আগামী ২৪ ঘণ্টায় বাজারে দাম ওঠানামা করবে।’
অন্য মূল্যবান ধাতুগুলোর মধ্যে রুপার দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৯ দশমিক ৮৫ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া প্লাটিনামের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ২ হাজার ৫৪ দশমিক ২২ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ হাজার ৫০৮ দশমিক ১৬ ডলারে উঠেছে।
এদিকে দেশের বাজারে নতুন দাম অনুযায়ী, আজ থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা; ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা; ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা; সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দাম বলবৎ থাকবে। তবে ক্রেতাদের মনে রাখতে হবে, উল্লেখিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। গয়নার নকশা ও মান অনুযায়ী মজুরির হারে পরিবর্তন হতে পারে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় বাজারে পাকা স্বর্ণের সরবরাহ ও দামের ওপর ভিত্তি করেই নিয়মিত এই সমন্বয় করা হচ্ছে। গত ৪৮ ঘণ্টার মধ্যে দুই বার দাম বাড়ায় বিয়ের মৌসুম বা সাধারণ বিনিয়োগকারীদের ওপর বাড়তি চাপের সৃষ্টি হতে পারে।

৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের

















