শিরোনাম:

আরেক তুর্কি মিডফিল্ডারকে ভিড়াচ্ছে রিয়াল

আরেক তুর্কি মিডফিল্ডারকে ভিড়াচ্ছে রিয়াল

টানা দ্বিতীয় মৌসুমে বাজে সময় পার করা রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর। শেষ হতে চলা ২০২৫-২৬ লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্টে পিছিয়ে আলভারো আরবেলোয়ার দল। আর ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের কাছে কোয়ার্টার ফাইনালে হয়েছে তাদের স্বপ্নভঙ্গ।

বেহাল অবস্থা থেকে উত্তরণে এখন থেকে নতুন লক্ষ্য নির্ধারণ করেছে রিয়াল ম্যানেজমেন্ট। ইতালীয় ক্রীড়া দৈনিক গাজেত্তা দেল্লো স্পোর্ত-এর তথ্য অনুযায়ী, জুভেন্টাসের তুর্কী অ্যাটাকিং মিডফিল্ডার কেনান ইলদিজকের প্রতি দৃষ্টি নিবদ্ধ করেছেন রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ।

ইলদিজ ২০২৫-২৬ সিরি’আ মৌসুমে ৩৪ ম্যাচে ১০ গোলের বিপরীতে ৬টি অ্যাসিস্ট করেছেন। ৩১ ম্যাচে তাকে শুরুর একাদশে রেখেছে জুভেন্টাস। তাতেই ২১ বর্ষী তরুণের প্রতি পূর্ণ নজর রিয়ালের।

যদিও ইলদিজ বারবার জুভেন্টাসের সাথে তাঁর গভীর সম্পর্কের কথা বলে আসছেন। তিনি বলেছেন, বায়ার্ন মিউনিখের অনূর্ধ্ব-১৯ দল ছেড়ে তুরিনের ক্লাবে যোগ দেওয়ার পর নিজের পরিচিতি গড়ে তুলেছেন। তা সত্ত্বেও, প্রতিবেদনে দাবি করা হয়েছে, মাদ্রিদের একটি প্রস্তাব শীঘ্রই সেই আনুগত্যের পরীক্ষা নিতে পারে।

সিরি’আতে ইন্টার মিলান এরই মধ্যে চ্যাম্পিয়ন হয়ে গেছে এবং তুরিনের দলটি বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে—তাদের ম্যাচ আছে আরও তিনটি। পঞ্চমে থাকা রোমার চেয়ে এক পয়েন্ট এগিয়ে জুভেন্টাস। আর তিনে থাকা এসি মিলান থেকে ২ পয়েন্ট পিছিয়ে তারা। শেষ দিকে নাটকীয়তা না হলে ঠিকই জুভেন্টাস চ্যাম্পিয়নস লিগে যাচ্ছে। তাতে ইলদিজকে নতুন করে ভাবতে নাও হতে পারে।

রেজেনসবার্গে জন্মগ্রহণকারী ইলদিজ বায়ার্নের বয়সভিত্তিক দলে দশ বছর কাটিয়েছেন। কিন্তু চুক্তি নবায়নের বিষয়ে একমত হতে না পেরে ১৭ বছর বয়সে জুভেন্টাসে পাড়ি জমান। ইতালির ক্লাবে দ্রুতই মূল দলে নিজের জায়গা পাকা করে নেন। তাঁর বর্তমান বাজারমূল্য এখন ৭৫ মিলিয়ন ইউরো। এখন দেখার বিষয়, হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে আর্দা গুলেরের পর এই তুর্কী মিডফিল্ডারের প্রতি কতটা আস্থা রাখে রিয়াল মাদ্রিদ।

স্বর্ণের পাশাপাশি বাড়ল রুপার দাম, ভরি কত

আরেক তুর্কি মিডফিল্ডারকে ভিড়াচ্ছে রিয়াল

এক দিনের ব্যবধানে দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (৭ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এদিন স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একদিনের ব্যবধানে ভরিতে ১১৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭৭৪ টাকা।

এদিকে নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গতকাল সকালে সবশেষ দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এ ছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৬৩ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৩৫ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ২৮ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

এদিকে নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের রুপার দাম পড়বে ৫ হাজার ৭৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৫৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ৬ মে সমন্বয় করা হয়েছিল রুপার দাম। সে সময় ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৫ হাজার ৬৫৭ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৩৮ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ২১ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে বাকি ১৭ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম। যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।

শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি: অভিযোগ করে না ৯০ শতাংশ শিক্ষার্থী

আরেক তুর্কি মিডফিল্ডারকে ভিড়াচ্ছে রিয়াল

শিক্ষা প্রতিষ্ঠানে থামছে না শিক্ষার্থীদের যৌন হয়রানি। এর এসব ক্ষেত্রে, গ্রেপ্তার হলেও বেশিরভাগ ঘটনার বিচার হচ্ছে না। শিক্ষা প্রতিষ্ঠানের যৌন নিপীড়নের শিকার ৯০ ভাগ শিক্ষার্থীই নানা ভয়ে অভিযোগ করেন না। সমাজ ও আইন বিশেষজ্ঞরা বলছেন, অভিভাবকদের সোচ্চার হতে হবে। আর আইনের শক্ত প্রয়োগ শিক্ষা প্রতিষ্ঠানে যৌন সহিংসতা প্রতিরোধ করতে পারে।

নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছরের এক মাদ্রাসাছাত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দেশজুড়ে তোলপাড়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৩ এপ্রিল মামলা করা হয়। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমানউল্লাহ সাগরকে গ্রেপ্তার করা হয় ১৫ দিন পর। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে নির্দোষ দাবি করে ওই শিক্ষক।

মামলা সূত্রে জানা যায়, গেল বছরের ২রা নভেম্বর মাদ্রাসা ছুটি হলে ভয় দেখিয়ে ১১ বছরের শিশুকে ধর্ষণ করা হয়। কাউকে বললে মেরে ফেলার হুমকি দেয়া হয়। এভাবে একাধিকবার ধর্ষণ করে ওই মাদ্রাসা শিক্ষক। পরে মেয়েটি অন্ত:সত্ত্বা হয়ে পড়লে ঘটনা জানাজানি হয়।

এর আগে, ২০১৯ সালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে র‌্যাবের হাতে আটক হন ওই শিক্ষক। আর এই ঘটনার সূত্র ধরে নারায়ণগঞ্জের ফতুল্লার বায়তুল হুদা ক্যাডেট মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আল আমিনকে গ্রেপ্তার করে র‌্যাব। তার বিরুদ্ধে একাধিক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া যায়।

ধর্ষণ ছাড়াও ছেলে শিক্ষার্থীদের মাদ্রাসায় বলাৎকারের অভিযোগ রয়েছে। ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর বলাৎকারের অভিযোগে পুলিশের হাতে আটক হয় মাদ্রাসা শিক্ষক আব্দুল মুন্নাফ।

বিশ্লেষকরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানের যৌন নিপীড়নের শিকার ৯০ ভাগ শিক্ষার্থীই নানা ভয়ের কারণে অভিযোগ করেন না। আর্থিকভাবে অসচ্ছল ও বাবা-মা হারানো সন্তানেরা মাদ্রাসায় বেশি যৌন নির্যাতনে শিকার হন। সমাজ বিশ্লেষকরা মনে করেন, শিক্ষাদান পদ্ধতি ও অভিভাবকদের শক্ত অবস্থানই পারে শিক্ষার্থীদের যৌন নিপীড়নের হাত থেকে রক্ষা করতে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিশ্লেষক ও সহযোগী অধ্যাপক ড. রাশেদা রওনক খান বলেন, ‘অনেক ক্ষেত্রেই আমরা ধর্মীয়ভাবে অসম্ভব রকমের সচেতন কিন্তু নৈতিকভাবে ঠিক ততটাই অসচেতন। যখন সন্তান বাড়ি ফিরে বলছে শিক্ষক কোনো না কোনোভাবে তাকে ব্যাড টাচ করছে কিংবা বেত্রাঘাত করছে যেটাই হোক, নিপীড়নের শিকার হচ্ছে, আমরা বাবামায়েরা ধরে নেই সে পড়তে চায় না বলে সে শিক্ষকের নামে বদনাম করছে। এই ধারণা থেকে বের হতে হবে। বাচ্চারা যখন নিপীড়নের কথা বলছে তখন বাবামাকে সেটা আমলে নিতে হবে।’

সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী এস এম শাজাহান জানান, মামলায় তথ্য উপাত্তের দুর্বলতা ও উপযুক্ত শাস্তি না হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন কমছে না।

সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী এস এম শাজাহান বলেন, ‘সামগ্রিকভাবে যেগুলো হচ্ছে এগুলো আসলে খুবই ঘৃণ্য অপরাধ আমি মনে করি। এটাকে ধামাচাপা না দিয়ে এটার একজেম্পলারি একটা পানিশমেন্ট যদি দুই একটার হয়, এটা একটা ইনস্ট্যান্ট হলে এটা আরও দশটা ক্ষেত্রে এটার সুফল আমরা পাবো। সামাজিক অবস্থান থেকে বিচার করবেন না। জাজ সাহেব বিচার করবেন এভিডেন্সের আলোকে। আইনজীবী হিসেবে বলেন, অভিভাবক হিসেবে বলেন, এটাকে আপনার মেনে নেয়ার কোনো প্রশ্নই ওঠে না।’

মহিলা পরিষদের তথ্য অনুযায়ী, চলতি বছরের চার মাসে ১ হাজার ২৮ জন নারী ও শিশু যৌন সহিংসতার শিকার হয়েছে।

সারাদেশে বৃষ্টি হবে, তাপমাত্রাও বাড়বে

আরেক তুর্কি মিডফিল্ডারকে ভিড়াচ্ছে রিয়াল

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় আগামী পাঁচ দিন দেশের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (০৭ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক-এর দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়, ঝড়ো হাওয়ার আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পরদিন শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রোববার (১০ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার (১১ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

×