শিরোনাম:

অবশেষে ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, কমবে ভ্যাপসা গরম

অবশেষে ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, কমবে ভ্যাপসা গরম

দীর্ঘদিনের তীব্র গরম ও অস্বস্তির পর অবশেষে ঢাকাবাসীর জন্য স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানী ও এর আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ অস্থায়ী ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। একই সঙ্গে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এর ফলে তাপমাত্রা হ্রাস পেয়ে গরমের তীব্রতা আগের তুলনায় কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।

রোববার (২৬ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে জানানো হয়, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় কোথাও কোথাও বৃষ্টি বা অস্থায়ী ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা দিনের তাপমাত্রা সামান্য কমিয়ে আনবে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৭১ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর (পুনঃ) ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, সারাদেশের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।

এছাড়া ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, পটুয়াখালী, রাঙামাটি, চাঁদপুর, লক্ষ্মীপুর, বান্দরবান ও ফেনী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে বর্তমানে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, বৃষ্টির কারণে তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর ফলে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী

অবশেষে ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, কমবে ভ্যাপসা গরম

মুক্তিযুদ্ধকে কৌশলে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (রোববার, ২৬ এপ্রিল) সকালে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর ১৫১ সদস্য বিশিষ্ট নবগঠিত কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

এসময় ক্ষমতায় এসে তারেক রহমান প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন এবং তার নেতৃত্বেই দেশ সব সংকট কাটিয়ে ওঠবে বলেও আশা ব্যক্ত করেছেন তিনি।

রিজভী জানান, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম সংগঠনটি আজ থেকেই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। নবগঠিত কমিটির নেতৃত্বে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে সংগঠন বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার চেতনা ও সাহসিকতার বার্তা পৌঁছে দিতে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মুক্তিযোদ্ধাদের বয়স বৃদ্ধির প্রেক্ষাপটে তরুণদের মাধ্যমেই এ ইতিহাস সংরক্ষণ ও প্রচারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।

জ্বালানি সংকট প্রসঙ্গে রিজভী বলেন, এটি কেবল বাংলাদেশের নয়, বৈশ্বিক প্রভাবের ফল। তবে এই সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি ছাদভিত্তিক সোলার প্যানেল ব্যবহারে উৎসাহ দিতে কর-সুবিধা বাড়ানোর আহ্বান জানান এবং বলেন এতে বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি বৈদেশিক নির্ভরতা কমবে।

রিজভী বলেন, ‘সরকারের এমপি মন্ত্রীদের সতর্ক থাকতে হবে।’ আর যেন কোনো রোগে শিশু মৃত্যুর ঘটনা না ঘটে সে ব্যাপারেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এসময়, উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু ও মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত এবং মুক্তিযোদ্ধা দলের নেতৃবৃন্দ।

প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

অবশেষে ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, কমবে ভ্যাপসা গরম

যারা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন শিক্ষাকে।

রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশ্নফাঁস প্রসঙ্গ টেনে সাংবাদিকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, ‘টেলিগ্রাম গ্রুপে গুজব ছড়ানো হচ্ছে। এগুলো আপনারা (সাংবাদিকরা) না করলেও পারতেন। সাংবাদিকদের দায়িত্ব রয়েছে, একটি নিউজ দেয়ার আগে সেটি ভেরিফাই করা।’

তিনি বলেন, ‘আপনারা দায়িত্ব পালন করেন, আপনাদের কথায় আমরাও সচেতন হয়েছি। আমরাও দায়িত্ব পালন করছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিয়েছি এবং নেয়া হবে।’

এসময় গুজব না ছড়াতে সাংবাদিকদের আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করে তিনি বলেন, ‘আমরা সুন্দর পরিবেশে, সুন্দরভাবে পরীক্ষা নেব। তাদের গুজবে কান না দিতে আহ্বান জানাচ্ছি।’

সাংবাদিকরা যদি সচেতন হতো, তাহলে এমন ঘটনা ঘটতো না বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘পার্টিকুলারলি কাল কি একটি মিডিয়া এটি করেনি? এ মিডিয়ার কি দায়িত্ব ছিলো না খুঁজে দেখা, সত্যতা যাচাই করা?’

ফেসবুকের ওপর নির্ভরশীল না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘ফেসবুক ইন্সট্যান্ট কফির মতো, ইন্সট্যান্ট কনটেন্ট আসছে। সেখানে মন্তব্য করা হচ্ছে।’

গুজবের কারণে ছাত্ররা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে ব্যাপারে সবাইকে সহযোগিতা কর‍তে হবে বলেও জানান তিনি। সেই সঙ্গে এ ধরনের গুজবে সরকার বিব্রত বলেও মন্তব্য করেন তিনি।

এসএসসি পরীক্ষার নিয়ে সবাই সন্তুষ্ট জানিয়ে তিনি বলেন, ‘আমরা সন্তুষ্ট, অভিভাবক সন্তুষ্ট আমরাও সন্তুষ্ট। সামনের দিনে আমরা সুন্দরভাবে পরীক্ষা শেষ করতে চাই।’

পরীক্ষার্থীদের যে গ্যাপ সেটি আস্তে আস্তে কমিয়ে আনবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা মনে করি ডিসেম্বর হলো পরীক্ষার মাস, জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে। সময় নষ্ট রোধ করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। মন্ত্রী বলেন, ‘এসব প্রতিষ্ঠান শিক্ষার মানোন্নয়নের কেন্দ্র হবে নাকি বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত হবে এ বিষয়ে স্পষ্ট দিকনির্দেশনার প্রয়োজন। আমরা কি সত্যিকার অর্থে শিক্ষিত মানবসম্পদ তৈরি করছি, নাকি শুধু ডিগ্রি দিচ্ছি এই প্রশ্ন আমাদের সামনে রয়েছে।’

পাবলিক বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে তিনি বলেন, ‘শুধু নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন নয়, এগুলোকে গবেষণার উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। আন্তর্জাতিক মান অনুসরণ করে বিশ্ববিদ্যালয়গুলোকে উন্নত করতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। এ সময় ইউজিসির অন্যান্য সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আইকিউএসি সেলের পরিচালক, শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১,৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ: বিপিডিবি

অবশেষে ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, কমবে ভ্যাপসা গরম

এপ্রিলের শেষ নাগাদ জাতীয় গ্রিডে আরও ১ হাজার ৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। এতে চলমান তাপপ্রবাহের মধ্যে বিদ্যমান বিদ্যুৎ রেশনিং পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

বিপিডিবি’র চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম বলেন, ‘আমরা চলতি মাসের মধ্যেই আদানি পাওয়ার, চট্টগ্রামের এসএস পাওয়ার এবং পটুয়াখালীভিত্তিক আরএনপিএল যৌথ উদ্যোগ থেকে ১ হাজার ৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার আশা করছি।’

তিনি বলেন, এসব ইউনিট কয়লাভিত্তিক এবং বাংলাদেশের তিনটি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ থাকলেও রোববার কয়লাবাহী জাহাজ পায়রা সমুদ্রবন্দরে পৌঁছার সম্ভাবনা থাকায় সেগুলোর উৎপাদন আবার শুরু হবে।

বিপিডিবি প্রধান বলেন, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহকারী বিদেশি প্রতিষ্ঠান আদানি পাওয়ার গত কয়েক সপ্তাহ ধরে রক্ষণাবেক্ষণের জন্য তাদের দুটি ইউনিটের একটি বন্ধ রেখেছিল। তবে সেটি আজ রোববার থেকে আবার চালু হওয়ার কথা রয়েছে।

বিপিডিবি’র কর্মকর্তারা জানান, নির্ধারিত সূচি অনুযায়ী ২৬ এপ্রিল থেকে জাতীয় গ্রিডে আদানি থেকে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে। অন্যদিকে এসএস পাওয়ার ও আরএনপিএল ২৮ এপ্রিল থেকে ৬০০ মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু করবে বলে আশা করা হচ্ছে।

আরএনপিএল হলো বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) এবং চীনের রাষ্ট্রায়ত্ত নরিনকো’র যৌথ উদ্যোগ। কেন্দ্রটি ২৮ এপ্রিল থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে বলে আশা করা হচ্ছে।

বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা বলেন, ‘আমরা ঢাকাকে লোডশেডিংয়ের বাইরে রাখার চেষ্টা করছি।’

বিপিডিবি’র পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ছিল ১৪ হাজার ১৯৬ মেগাওয়াট। শনিবার সন্ধ্যায় সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ছিল ১৬ হাজার ৯০০ মেগাওয়াট।

চলতি গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের সম্ভাব্য চাহিদা ১৭ হাজার থেকে ১৮ হাজার ৫০০ মেগাওয়াটের মধ্যে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: বাসস

×