শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ: আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন
অবৈধ প্রক্রিয়ায় ২৮৬ জন সাব-রেজিস্ট্রার বদলি এবং এর মাধ্যমে প্রায় শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল ও তাঁর একান্ত সচিব (পিএস) মাসুমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দুদকের প্রধান কার্যালয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন এ আবেদন দাখিল করেন। আবেদনের সঙ্গে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘৮ মাসে সাব-রেজিস্ট্রার বদলিতে ঘুষ লেনদেন শতকোটি’ শীর্ষক প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে।
দুদকে জমা দেওয়া আবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত মাত্র আট মাসে আইন মন্ত্রণালয়ে সাব-রেজিস্ট্রার বদলিকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম ও ঘুষ লেনদেন হয়েছে। এই সময়ের মধ্যে নিবন্ধন অধিদপ্তরের ৪০৩ জন সাব-রেজিস্ট্রারের মধ্যে অন্তত ২৮২ জনকে বদলি করা হয়। অভিযোগ রয়েছে, এদের মধ্যে অন্তত ২০০ জন ৫০ থেকে ৬০ লাখ টাকা ঘুষের বিনিময়ে নিজেদের পছন্দমতো স্থানে পদায়ন বাগিয়ে নিয়েছেন।
আবেদনে বলা হয়, সরকারি বিধি অনুযায়ী ‘এ’, ‘বি’ ও ‘সি’ গ্রেডের কর্মকর্তাদের তাদের সমমানের অফিসগুলোতে বদলি করার কথা থাকলেও আসিফ নজরুলের মেয়াদে তা মানা হয়নি। ঘুষের বিনিময়ে অপেক্ষাকৃত নিম্ন গ্রেডের কর্মকর্তাদের উচ্চতর গ্রেডের কার্যালয়ে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, যারা ঘুষ দিতে রাজি হননি, তাদের শাস্তিমূলক হিসেবে নিম্ন গ্রেডের অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। এমনকি কাউকে কাউকে যোগদানের এক দিনের মাথায় পুনরায় বদলি করার মতো নজিরবিহীন ঘটনাও ঘটেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, বদলি বাণিজ্য চরমে পৌঁছালে গত বছরের ১ জুন আইন মন্ত্রণালয় একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করে। সেখানে বলা হয়েছিল, সাব-রেজিস্ট্রার বদলিতে কোনো আর্থিক লেনদেনের সুযোগ নেই এবং সবাইকে প্রতারক চক্র থেকে সতর্ক থাকতে বলা হয়। তবে অভিযোগ উঠেছে, এই বিজ্ঞপ্তি জারির আগেই বিপুল অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে অধিকাংশ বদলি সম্পন্ন করা হয়েছিল।
ব্যারিস্টার সারোয়ার হোসেন জানান, দেশের বিচার বিভাগ ও প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে এই বিশাল দুর্নীতির সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি। দুদক যেন দ্রুত এই অভিযোগ আমলে নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করে, আবেদনে সেই দাবি জানানো হয়েছে।

সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ













