দুই ডিফেন্ডারের গোলে চেলসিকে হারাল আর্সেনাল
ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের অজেয় যাত্রা চলছেই। এবার তারা হারিয়ে দিল চেলসিকে। আক্রমণভাগের খেলোয়াড়দের নিষ্প্রভ দিনে দলের জয়ের নায়ক দুই ডিফেন্ডার উইলিয়াম সালিবা ও জুরেন টিম্বার।
ঘরের মাঠে রোববার রাতে চেলসিকে ২-১ গোলে হারায় আর্সেনাল। চেলসির একমাত্র গোলটি ছিল আর্সেনালের আত্মঘাতী।
এই জয়ে ২৯ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরেকটু পোক্ত করল আর্সেনাল। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। আর ২৮ ম্যাচে ৪২ পয়েন্ট পাওয়া চেলসির অবস্থান ষষ্ঠ।
ম্যাচে দাপট দেখিয়েই খেলে আর্সেনাল। বল দখলের লড়াইয়ে চেলসি (৫৮ শতাংশ) এগিয়ে থাকলেও আক্রমণে ছিল আর্সেনালের আধিপত্য। ম্যাচজুড়ে গোলের জন্য ১০টি শট করে তারা। এর ৫টি ছিল লক্ষ্য বরাবর। বিপরীতে চেলসির মাত্র ২টি শট ছিল লক্ষ্যে।
ম্যাচের ২১ মিনিটে কর্নার থেকে গোলমুখে বল পেয়ে হেড দিয়ে প্রথম গোলটি করেন সালিবা।
বিরতিতে যাওয়ার আগে এই লিড ধরে রাখতে পারেনি আর্সেনাল। অতিরিক্ত যোগ করা সময়ে নিজেদের জালে বল জড়ান আর্সেনালের আরেক ডিফেন্ডার পিয়েরে হিনকাপি।
দ্বিতীয়ার্ধে ফিরে আক্রমণের মাত্রা বাড়ানোর চেষ্টা করে চেলসি। তবে সফল হয়নি তারা। উল্টো ম্যাচের ৬৬ মিনিটে জুরেন টিম্বারের গোলে আবার লিড নেয় আর্সেনাল।
এর চার মিনিট পর দুই হলুড কার্ডের কারণে লাল কার্ড দেখেন পেদ্রো নেতো। ১০ জনের দল নিয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি চেলসি।

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত


















