বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন পুনর্ব্যক্ত জাতিসংঘ মহাসচিবের
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতির কথা আবারও তুলে ধরেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিউইয়র্ক সময় গতকাল (বৃহস্পতিবার, ২৬ মার্চ) জাতিসংঘ সদর দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এক বৈঠকে তিনি এ আশ্বাস দেন।
বৈঠকে মহাসচিব নবনির্বাচিত বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান। একই সঙ্গে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেয়ায় বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেন তিনি।
আলোচনায় সমসাময়িক বৈশ্বিক নানা ইস্যু উঠে আসে। পররাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক তেল সংকটের প্রেক্ষাপটে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর চ্যালেঞ্জ এবং দরিদ্র দেশগুলোর ওপর এর বৈষম্যমূলক প্রভাবের বিষয়টি তুলে ধরেন।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ড. খলিলুর রহমান জাতিসংঘ মহাসচিবকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। মহাসচিব আমন্ত্রণ গ্রহণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈঠক শেষে উভয় পক্ষ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই উন্নয়ন এগিয়ে নিতে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

কয়েকটা দল সংস্কার-সংস্কার বলে, সংস্কারের জন্ম দিয়েছিলেন জিয়া: মির্জা ফখরুল















