শিরোনাম:

যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফায় সোমবার ফের বৈঠকে বসতে পারে!

যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফায় সোমবার ফের বৈঠকে বসতে পারে!

পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ বন্ধ এবং বিশ্বজুড়ে বিপর্যস্ত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার উচ্চপর্যায়ের শান্তি আলোচনার প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান। সরকারি সূত্রের খবর অনুযায়ী, সোমবার এই ঐতিহাসিক আলোচনা অনুষ্ঠিত হতে পারে। এর আগে গত ১২ এপ্রিল ইসলামাবাদে প্রথম দফার বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছিল।
প্রথম দফার আলোচনা ব্যর্থ হলেও হাল ছাড়েনি পাকিস্তান। দুই দেশকেই পুনরায় আলোচনার টেবিলে ফেরাতে গত কয়েকদিন ধরে রুদ্ধদ্বার কূটনৈতিক তৎপরতা চালিয়েছেন পাক নীতিনির্ধারকরা। বর্তমানে দুই দেশই দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি মেনে চলছে, যা পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টাকে নতুন গতি দিয়েছে।

এই প্রক্রিয়ার অংশ হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গত বুধবার থেকে সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে রয়েছেন। অন্যদিকে, পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির গত বুধবার তেহরানে পৌঁছে ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের সঙ্গে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে নিবিড় আলোচনা চালিয়েছেন।

আলোচনাকে কেন্দ্র করে রাজধানী ইসলামাবাদ ও পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডিতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রাদেশিক পর্যায় থেকে হাজার হাজার পুলিশ ও আধা-সামরিক বাহিনীর সদস্য তলব করা হয়েছে। গতবার ১০ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করা হলেও এবার সেই সংখ্যা আরও বাড়তে পারে।

প্রশাসন সূত্রে জানা গেছে, বৈঠককে ঘিরে ইসলামাবাদের শিক্ষা প্রতিষ্ঠান ও সংলগ্ন বাজারগুলো বন্ধ রাখা হতে পারে। যাতায়াতের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের ইঙ্গিত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

আলোচনার সম্ভাবনাকে আরও জোরালো করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি জানান, যদি ইসলামাবাদে চূড়ান্ত শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, তবে তিনি সেখানে সশরীরে উপস্থিত হতে পারেন। ট্রাম্প অত্যন্ত আশাবাদ ব্যক্ত করে বলেন, তেহরান আলোচনার প্রায় সব শর্তই মেনে নিয়েছে। তিনি আরও ইঙ্গিত দেন যে, প্রয়োজন হলে বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হতে পারে, যদিও তার বিশ্বাস এর আগেই একটি স্থায়ী সমাধান সম্ভব।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও মার্কিন-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। প্রথম দফার বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স জানিয়েছিলেন, ইরানের পরমাণু কর্মসূচি ত্যাগ না করাই ছিল প্রধান বাধা। অন্যদিকে, ইরানি প্রতিনিধি দলের প্রধান মহম্মদ বাঘের গালিবাফ অভিযোগ করেছিলেন যে, প্রতিপক্ষ তাদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে।

আগামী ২২ এপ্রিল বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চলেছে। তার আগেই ইসলামাবাদের এই দ্বিতীয় দফার বৈঠকটি বিশ্বশান্তি ও বিশ্ব অর্থনীতির জন্য চূড়ান্ত ভাগ্যনির্ধারক হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্র: সিএনএন

আগামীকাল সারা দেশে হামের টিকাদান কর্মসূচি শুরু

যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফায় সোমবার ফের বৈঠকে বসতে পারে!

হামের প্রাদুর্ভাব প্রতিরোধে সোমবার (২০ এপ্রিল) থেকে সারা দেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এর আগে গত ৫ এপ্রিল থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলায় জরুরি হামের টিকাদান কর্মসূচি শুরু হয়। এরপর ১২ এপ্রিল ঢাকাসহ চার সিটি করপোরেশন এলাকায় টিকা দেওয়া শুরু করে সরকার।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২২ হাজার। আর হাম ও হামের উপসর্গ নিয়ে ২১৩ শিশুর মৃত্যু হয়েছে।

হঠাৎ হামের প্রকোপ বেড়ে যাওয়ার পেছনে বিগত দুই সরকারকে দায়ী করেছে প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে তিনি বলেন, সারা দেশে শিশুদের হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ‘জীবনবিনাশী ব্যর্থতা’ ক্ষমাহীন অপরাধ।

ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়—সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে ত্বরিত ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতির অবনতি রোধ করা সম্ভব হয়েছে।

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও দেশে বেড়েছে সামান্য: জ্বালানি মন্ত্রী

যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফায় সোমবার ফের বৈঠকে বসতে পারে!

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণ হওয়ার পরেও সরকার জনগণের কষ্টের কথা বিবেচনা করে দেশে তেলের দাম খুব সামান্য বাড়িয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেছেন, আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীল পরিস্থিতির কারণে জ্বালানি আমদানিতে ইতোমধ্যে সরকারের দুই বিলিয়ন ডলার বাড়তি খরচ হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

ইকবাল হাসান বলেন, যুদ্ধ শুরুর আগে বিশ্ববাজারে জ্বালানি তেলের যা দাম ছিল, বর্তমান বাজারে তা প্রায় দ্বিগুণ। এই বিপুল দাম বৃদ্ধির ফলে সরকারের ওপর ব্যাপক অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। তবুও আমরা জনগণের স্বস্তির কথা চিন্তা করে সেই অনুপাতে দাম বাড়াইনি।

মন্ত্রী আরও উল্লেখ করেন, সরকার ভর্তুকি দিয়ে হলেও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। জনগণের ভোগান্তি কমাতে এবং অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতেই সরকার এই বাড়তি ব্যয়ের বোঝা নিজে বহন করছে এবং অত্যন্ত সীমিত পরিসরে দাম সমন্বয় করেছে।

সৌদি আরবে পৌঁছালেন ৭ হাজার ৬৩৪ বাংলাদেশি হজযাত্রী

যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফায় সোমবার ফের বৈঠকে বসতে পারে!

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আজ রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত ১৯টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৭ হাজার ৬৩৪ জন বাংলাদেশি হজযাত্রী। রোববার আশকোনা হজ অফিস থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া মোট ১৯টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আটটি ফ্লাইটে ৩ হাজার ৩০৯ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন। এছাড়া সৌদি এয়ারলাইন্সের সাতটি ফ্লাইটে ২ হাজার ৭১৬ জন এবং ফ্লাইনাসের চারটি ফ্লাইটে ১ হাজার ৬০৯ জন হজযাত্রী নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী রয়েছেন। এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজ পরিচালনার দায়িত্বে রয়েছে মোট ৬৬০টি এজেন্সি, যার মধ্যে ৩০টি লিড এজেন্সি এবং বাকি ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি হিসেবে কাজ করছে।

সৌদি আরবে হজযাত্রী পরিবহনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০০টি, সৌদি এয়ারলাইন্সের ৭৫টি এবং ফ্লাইনাসের ৩০টি ফ্লাইট নির্ধারিত রয়েছে। আগামী ২১ মে সৌদি আরব যাওয়ার সর্বশেষ ফ্লাইট পরিচালিত হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত শুক্রবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

×