অভিনেত্রী মেহজাবীন-মালাইকা দুই বোনেরই প্রিয় আর্জেন্টিনা
অভিনেত্রী বড় বোন মেহজাবীনের দেখাদেখি ছোট বোন, শোবিজের নতুন মুখ মালাইকা চৌধুরীও আর্জেন্টিনার বড় ভক্ত। সম্প্রতি কয়েকটি নাটকে অভিনয় করে আলোচনায় আসা মালাইকাও কোমর বেঁধে নেমেছেন প্রিয় দলের সমর্থনে। বিশ্বকাপ শুরুর ঠিক আগের মুহূর্তেই সংগ্রহ করেছেন আর্জেন্টিনার নতুন জার্সি। জার্সি হাতে ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন আগেই।
ফিফা বিশ্বকাপ উন্মাদনা শুরু হয়ে গেছে বাংলাদেশেও। আজ মধ্যরাতে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে ক্রীড়া জগতের সবচেয়ে বড় এই আসরের। দেশের তারকাদের মধ্যেও বিশ্বকাপ নিয়ে মাতামাতি দৃশ্যমান।
আর আজ বিশ্বকাপ শুরুর দিন আর্জেন্টিনার জার্সি গায়ে জড়ানো আরেকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে মালাইকা লিখেছেন, আমি একটু বেশিই এক্সাইটেড! কে জিতবে বিশ্বকাপ? তার এই পোস্টের নিচে ভক্ত-অনুরাগীরাও মেতে উঠেছেন বিশ্বকাপ আড্ডায়, জানাচ্ছেন নিজেদের পছন্দের দলের নাম।

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী আর্জেন্টিনাকে পছন্দ করেন। কিংবদন্তি লিওনেল মেসি তার প্রিয় খেলোয়াড়। এমনকি পছন্দের দলটির খেলা দেখতে তিনি ২০২৪-এ আমেরিকায় গিয়েছিলেন। মাঠে বসে উপভোগ করেছেন আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়। সে সময় গণমাধ্যমকে মেহজাবীন বলেছিলেন, ‘মূলত মেসির খেলা পছন্দ করি। মেসির খেলা সবসময়ই টানে। তিনি একবার বাংলাদেশে এসেছিলেন। তখন তার খেলা প্রথম সরাসরি দেখার সুযোগ হয়েছিল। এইবার (২০২৪) দ্বিতীয়বারের মতো সরাসরি তার খেলা দেখার সুযোগ হলো।
উল্লেখ্য, মালাইকা চৌধুরীকে সর্বশেষ দেখা গেছে সদ্য সমাপ্ত ঈদের বিশেষ নাটক ‘অভিযান’-এ। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় এই নাটকে মালাইকার সঙ্গে আরও অভিনয় করেছেন খাইরুল বাসার, ফররুখ আহমেদ রেহান, অ্যালেন শুভ্র এবং সুনেরাহ বিনতে কামালসহ অনেকে।

এসএসএফ’র বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর















