দেশের বিভিন্ন অঞ্চলে আজও তীব্র গরমের পূর্বাভাস
রাজধানীতে তীব্র গরমে জনজীবন যখন অতিষ্ঠ, ঠিক তখনই নতুন করে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় তাপমাত্রা থাকবে প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা দিনে আরও দ্রুত বৃদ্ধি পাবে।
আবহাওয়াবিদদের মতে, সকালে তাপমাত্রা সহনীয় থাকলেও দুপুরের দিকে তা ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের তীব্রতা আরও বাড়বে। সন্ধ্যার পর আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে এবং রাতের তাপমাত্রা ২৭–৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।
দেশের কিছু অঞ্চলে বিচ্ছিন্নভাবে বজ্রবৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া যশোর, চুয়াডাঙ্গা ও আশপাশের এলাকাগুলোতেও তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছে। ফলে জনজীবনে চরম অস্বস্তি বিরাজ করছে।
অন্যদিকে দেশের উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলে তুলনামূলকভাবে কম তাপমাত্রা অনুভূত হয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট ও কুড়িগ্রাম অঞ্চলে, যেখানে তাপমাত্রা নেমে এসেছে প্রায় ১৯ ডিগ্রি সেলসিয়াসে। এসব এলাকায় আকাশে মেঘের উপস্থিতি ও বিচ্ছিন্ন বৃষ্টিপাতের সম্ভাবনার কারণে তাপমাত্রা কিছুটা সহনীয় রয়েছে।
বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
আবহাওয়াবিদরা জানিয়েছেন, দেশের পশ্চিমাঞ্চলে চলমান তাপপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলে মেঘ ও বৃষ্টির প্রভাব থাকায় তাপমাত্রা তুলনামূলক কম থাকার সম্ভাবনা রয়েছে। ফলে সারা দেশে আবহাওয়ার এ বৈচিত্র্য আগামী কয়েকদিনও বজায় থাকতে পারে।

বিচার বিভাগের সব দুর্নীতির শেকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী
















