চুক্তি না হলে বুধবার থেকে ইরানে অভিযান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত না হলে এর মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা ‘খুবই কম’। উপরন্তু, কোনো চুক্তি না হলে ওয়াশিংটনের স্থানীয় সময় ২২ এপ্রিল বুধবার সন্ধ্যা (বাংলাদেশের স্থানীয় সময় ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল) থেকে ইরানে ফের মার্কিন অভিযান শুরু হবে।
গত ৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দিনের এই যুদ্ধবিরতি শুরু হয়, যার মেয়াদ শেষ হবে ২২ এপ্রিল বুধবার। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার তিন দিন পর শান্তিচুক্তি স্বাক্ষরের জন্য ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিরা বৈঠকে বসেছিলেন। তবে ২১ ঘণ্টা আলোচনার পরও কোনো প্রকার চুক্তি স্বাক্ষর ছাড়াই সেই বৈঠক শেষ হয়।
গতকাল সোমবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে কথা বলেন। ২২ এপ্রিলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর না হলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এর মেয়াদ বৃদ্ধির কোনো উদ্যোগ নেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এমন সম্ভাবনা খুবই কম।
সেক্ষেত্রে মার্কিন বাহিনী ইরানে ফের অভিযান শুরু করতে পারে কি না, ব্লুমবার্গের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, যদি যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে কোনো চুক্তিস্বাক্ষর না হয়- সেক্ষেত্রে অবশ্যই অভিযান শুরু হবে; বুধবার সন্ধ্যা থেকেই শুরু হবে।
তবে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের সঙ্গে একটি ‘ভালো’ চুক্তি করতে চান এবং এক্ষেত্রে সময় যতই লাগুক, তাতে তার কোনো সমস্যা নেই। ব্লুমবার্গকে তিনি বলেন, আমি ইরানের সঙ্গে কোনো বাজে চুক্তি করার জন্য ব্যস্ত হয়ে উঠিনি। আমরা একটি ভালো চুক্তি চাই এবং এজন্য যত সময় লাগে- লাগুক। আমাদের হাতে প্রচুর সময় আছে। সূত্র: সিএনএন

পরীক্ষা শান্তিপূর্ণ হয়েছে, প্রশ্নফাঁসের সুযোগ নেই: শিক্ষামন্ত্রী


















