দেশের ২৯ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা
দেশের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া পরিস্থিতির পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের বিস্তীর্ণ অঞ্চলে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, মাগুরা, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মাদারীপুর, চাঁদপুর, কুমিল্লা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, রাঙামাটি ও খাগড়াছড়িসহ আশপাশের জেলাগুলোতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬° থেকে ৩৯° সেলসিয়াসের ঘরে থাকতে পারে।
এছাড়া এ সময়ে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, চলতি সপ্তাহে গরমের তীব্রতা অব্যাহত থাকতে পারে। তবে আগামী সপ্তাহে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
এদিকে আবহাওয়ার আরেক পূর্বভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে মঙ্গলবার দুপুর ১টার মধ্যে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম-বিডব্লিউওটি সোমবার (২০ এপ্রিল) এক ফেসবুক পোস্টে এসব পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া বিশ্লেষণে দেখা গেছে, খুলনা ও রাজশাহী বিভাগের দু-একটি জায়গায় পারদ ৪০° সেলসিয়াসে উঠতে পারে।
তীব্র গরমে হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে জনসাধারণের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। স্বাস্থ্যঝুঁকি কমাতে নিচের বিষয়গুলো মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে:
দুপুরের রোদ এড়িয়ে চলা: বিশেষ করে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কড়া রোদে বাইরে না থেকে ঘরে বা তুলনামূলক ঠান্ডা স্থানে অবস্থান করুন।
পর্যাপ্ত পানি পান: শরীরকে আর্দ্র রাখতে পর্যাপ্ত পানি পান করুন। তবে ফ্রিজের অতিরিক্ত ঠান্ডা পানি পান করা থেকে বিরত থাকুন।
হিটস্ট্রোকের ঝুঁকি: দীর্ঘ সময় রোদে কাজ করা বা অবস্থান করা থেকে বিরত থাকুন, কারণ উচ্চ তাপমাত্রায় শরীর দ্রুত পানি হারিয়ে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থাকে।

এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি











