শিরোনাম:

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর ৬টা ২৯ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের হোমালিন এলাকা, যা ভারতের মণিপুর সীমান্তের কাছাকাছি।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৬ কিলোমিটার গভীরে ছিল। গভীরতা বেশি হওয়ায় ভূপৃষ্ঠে এর প্রভাব তুলনামূলক কম ছিল। ফলে মাঝারি মাত্রার হলেও দেশে মৃদু কম্পন অনুভূত হয়।

এদিকে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, মঙ্গলবার ভোরে মণিপুরে ৫ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভারতীয় সময় ভোর ৫টা ৫৯ মিনিট ৩৩ সেকেন্ডে এই কম্পনটি অনুভূত হয় এবং এর কেন্দ্রস্থল ছিল কামজং এলাকায়।

ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশ বড় কোনো সক্রিয় চ্যুতিরেখার ওপর না থাকলেও মিয়ানমার ও উত্তর-পূর্ব ভারতের ভূমিকম্পপ্রবণ অঞ্চলের নিকটবর্তী হওয়ায় প্রায়ই এসব এলাকার ভূমিকম্পের প্রভাব দেশে অনুভূত হয়।

নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি, করেছেন ফেসবুক লাইভ

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

শিক্ষামন্ত্রীর স্পষ্ট নির্দেশনা অমান্য করে এসএসসি পরীক্ষার কেন্দ্রের ভেতরে ঢুকে ফেসবুক লাইভ করেছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য এবং জাতীয় শিক্ষক সমিতির চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

গত ১২ এপ্রিল ঢাকা অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সাফ জানিয়ে দিয়েছিলেন যে, পরীক্ষায় হল পরিদর্শনের সময় স্থানীয় সংসদ সদস্যরা যেতে পারবেন না। এ সুযোগ নেই। পরীক্ষার্থীদের বিরক্ত করা যাবে না। তবে মন্ত্রীর সেই কঠোর নির্দেশনা উপেক্ষা করে সংসদ সদস্য সেলিম ভূঁইয়া শুধু কেন্দ্র পরিদর্শনই করেননি, বরং তার ‘অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি’ ফেসবুক পেজ থেকে প্রায় ৯ মিনিটের একটি লাইভ প্রচার করেন।

ফেসবুক লাইভে দেখা যায়, তিনি পরীক্ষার হলের ভেতরে প্রবেশ করে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন এবং তাদের প্রশ্ন করছেন। এ সময় তাকে হাত নেড়ে প্রধান শিক্ষককে সরিয়ে দিতেও দেখা যায়। ক্যামেরার সামনে এবং পেছনে থাকা ব্যক্তিদের সহযোগিতায় এই লাইভটি সম্পন্ন হয়।

এই ঘটনায় কুমিল্লার সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও বিস্ময় সৃষ্টি হয়েছে। সচেতন নাগরিক কমিটির (সনাক) সাবেক সভাপতি আলমগীর খান একে ‘অপ্রত্যাশিত’ উল্লেখ করে বলেন, জনপ্রতিনিধিদের উপস্থিতিতে শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ বাড়ে, তাই মন্ত্রীর নির্দেশনা অমান্য করা ঠিক হয়নি।

হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক তাজুল ইসলাম জানান, এমপি আসার খবর পেয়ে তিনি সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন, তবে ফেসবুক লাইভের বিষয়ে তিনি কিছু জানেন না। এ বিষয়ে কথা বলতে সংসদ সদস্য সেলিম ভূইয়ার মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামছুল আলম এই ঘটনাকে সুস্পষ্ট নির্দেশনা লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

জেলা প্রশাসকের (ডিসি) বদলি সংক্রান্ত বিষয়ে বিতর্কিত একটি মন্তব্যের জের ধরে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের আদালত। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) এই আদেশ দেওয়া হয়।

জানা গেছে, গত ২৭ মার্চ কুষ্টিয়ার হরিপুর জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় এমপি আমির হামজা অভিযোগ করেন যে, কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক এখানে বদলি হয়ে আসার জন্য প্রায় ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন। তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে গত ১৩ এপ্রিল এমপি আমির হামজাকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। সেখানে উল্লেখ করা হয় যে, তার এমন বক্তব্যে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। নোটিশে তাকে সাত দিনের সময় বেঁধে দিয়ে জানতে চাওয়া হয়েছিল জেলা প্রশাসক ঠিক কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই টাকা দিয়েছেন, তার নাম প্রকাশ করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে উক্ত অভিযোগের স্বপক্ষে কোনো প্রমাণ বা তথ্য জনসম্মুখে প্রকাশ করতে ব্যর্থ হওয়ায় আদালত আজ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। আইন সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে তথ্যপ্রমাণ ছাড়া এমন মন্তব্য করা আইনত দণ্ডনীয় এবং এটি সরকারি চাকুরিজীবীদের মর্যাদাহানি করে।

মামলার আইনজীবী আব্দুল মজিদ জানান, একজন দায়িত্বশীল সংসদ সদস্যের কাছ থেকে এমন অসংলগ্ন বক্তব্য কাম্য নয়। সরকার যখন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে, তখন প্রশাসনের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ তোলার আগে অবশ্যই পর্যাপ্ত তথ্য ও প্রমাণ থাকা প্রয়োজন। প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় এবং বিভ্রান্তি ছড়ানোর কারণেই আদালত এই কঠোর পদক্ষেপ নিয়েছেন।

উল্লেখ, বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী উল্লেখ করে বক্তব্য দেওয়ায় গত ২ এপ্রিল কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে মানহানীর মামলা দায়ের করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবীর কর্ণেল।

দেশে ১.২২ লাখ মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে: ডা. জাহেদ উর রহমান

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

দেশে জ্বালানি তেলের সরবরাহ ও মজুত পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, গত ১৯ এপ্রিল পর্যন্ত দেশে ১ লাখ ২২ হাজার ৬৩৩ মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে, যা বর্তমান চাহিদা বিবেচনায় স্থিতিশীল অবস্থানে আছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য তুলে ধরেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, দেশে জ্বালানি তেলের মজুত বা সরবরাহে কোনো ঘাটতি নেই। তবে প্রকৃত চ্যালেঞ্জ হচ্ছে জ্বালানির চাহিদা বৃদ্ধি এবং মানুষের মধ্যে সৃষ্ট অযাচিত ভীতি। বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাব সব দেশেই পড়ছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশও এর বাইরে নয়। তবুও সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

জ্বালানির দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি জানান, আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির প্রভাব দেশীয় বাজারেও পড়ছে। তবে সরকার চেষ্টা করছে যেন জ্বালানির মূল্য বৃদ্ধির প্রভাব সাধারণ মানুষের ওপর কম পড়ে। বিশেষ করে পরিবহন ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে সীমিত রাখার উদ্যোগ নেয়া হবে। একইসঙ্গে পণ্যের মূল্যও পরিস্থিতি অনুযায়ী সমন্বয় করা হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

অর্থনৈতিক দিক থেকে সাম্প্রতিক ব্যাংক ঋণ নিয়ে প্রশ্নের জবাবে ডা. জাহেদ বলেন, গত দুই মাসে সরকার প্রায় ৭৩ হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছে। এতে কিছুটা চাপ তৈরি হতে পারে এবং এর প্রভাব জনগণের ওপরও পড়তে পারে। তবে তিনি আশ্বস্ত করে বলেন, পরিস্থিতি এখনো সংকটজনক বা ‘রেড জোন’-এ পৌঁছায়নি। সরকারের নেয়া ঋণ জনগণের কল্যাণমূলক কাজেই ব্যয় করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে রাজধানীতে ফুটপাত দখলমুক্ত করতে নতুন উদ্যোগের কথাও জানান তিনি। হকারদের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে নগরের আটটি নির্দিষ্ট স্থানে নৈশবাজার স্থাপনের পরিকল্পনা করছে সরকার। এর মাধ্যমে একদিকে যেমন ফুটপাত দখলমুক্ত হবে, অন্যদিকে হকারদের জীবিকাও বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।

সাংস্কৃতিক দিক থেকেও নতুন পরিকল্পনার কথা তুলে ধরে ডা. জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশসহ মিয়ানমার, কম্বোডিয়া এবং ভারতের দক্ষিণাঞ্চলের দেশগুলোর সঙ্গে সমন্বয় করে আঞ্চলিকভাবে পহেলা বৈশাখ উদযাপনের উদ্যোগ নেয়া হচ্ছে। আগামী বছরের নববর্ষের আগেই এ বিষয়ে একটি সুসংগঠিত পরিকল্পনা গ্রহণের কথা রয়েছে। এছাড়া পুরো বৈশাখ মাসজুড়ে নানা সাংস্কৃতিক আয়োজনের প্রস্তুতিও নিচ্ছে সরকার।

সব মিলিয়ে জ্বালানি পরিস্থিতি, অর্থনীতি, নগর ব্যবস্থাপনা এবং সংস্কৃতি সবক্ষেত্রেই সরকার সমন্বিতভাবে কাজ করছে বলে তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।

×