শুধু বদলি নয়, দুর্নীতি করলে সরাসরি বরখাস্ত করা হবে : ডেপুটি স্পিকার
নেত্রকোণা জেলার কলমাকান্দায় ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল ছবি : সংগৃহীত
দুর্নীতি করলে শুধু বদলি নয়, এখন সরাসরি বরখাস্ত করা হবে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
বুধবার রাতে (২২ জুলাই) নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নের লেংগুরা স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত ‘যান্ত্রিক পদ্ধতিতে ধানের চারা রোপণ উদ্বোধন ও চারা বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, কলমাকান্দা-দূর্গাপুরে কোনো ধরনের ঘুস-দুর্নীতি বরদাস করা হবে না। জনগনের ভোটে এমপি নির্বাচিত হয়েছি জনগনের সেবা করার জন্য। আমি নিজে দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না।
কৃষি কর্মকর্তাদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, যদি কৃষক কার্ড তৈরিতে কোনো ধরনের স্বজনপ্রীতি বা দুর্নীতি হয়, তবে আমি শুধু বদলিতে ক্ষান্ত হব না, সরাসরি বরখাস্তের ব্যবস্থা করব।
ডেপুটি স্পীকার বলেন, আমি কৃষকের সন্তান, আমি জানি ধান হচ্ছে কৃষকের প্রাণ ও দেশের প্রাণ। কৃষকদের মূল্যায়ন করার জন্যই আমরা কৃষক কার্ড প্রদানের সিদ্ধান্ত নিয়েছি।
তিনি বলেন, বিল্ডিংয়ের মালিকরা ফ্যামিলি কার্ড পেয়েছেন, অথচ যার ঘর ভেঙে গেছে কিংবা যিনি অন্ধ-প্রতিবন্ধী, তিনি কার্ড পাননি। অনেকেই বিস্কুট-চা খেয়ে প্রভাবশালী ও স্বাবলীদের নাম তালিকায় তুলেছেন। যারা এসব করেছেন, আল্লাহর ওয়াস্তে তওবা করেন। প্রধানমন্ত্রী একটি ভালো উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু কিছু দায়িত্বজ্ঞানহীন কর্মকর্তা ও তথ্য সংগ্রহকারীর কারণে এটি মুখ থুবড়ে পড়েছে।
তিনি স্পষ্ট জানিয়ে দেন, আমি নির্বাচনের সময় ওয়াদা করেছিলাম, নিজে দুর্নীতি করব না, আর কাউকে করতেও দিব না। তারেক রহমানের সরকার জনগণের সরকার। আমি থাকা অবস্থায় এক টাকার হেরফেরও হতে দেব না।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার আগামীতে ফিলিপাইন, থাইল্যান্ড, চায়না, ভিয়েতনাম, কম্বোডিয়া ও মালয়েশিয়ায় ধান রপ্তানি করার পরিকল্পনা করছে। গার্মেন্টস শিল্পের মতো ধান পাঠিয়েও আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করব।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক, মোহাম্মদ রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ‘এলএসটিডি’ প্রকল্প পরিচালক ড. মো. আনোয়ার হোসেন।

কৃষিভিত্তিক উদ্যোক্তা, গবেষণা ও পণ্য বৈচিত্র্যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: মাহ্দী আমিন













