শিরোনাম:

ইয়ামালের চোটে ম্লান বার্সার জয়

ইয়ামালের চোটে ম্লান বার্সার জয়

ডি বক্সে ফাউলের শিকার হয়ে পেনাল্টি আদায় করে নিলেন। স্পট কিক থেকে বল জালেও জড়ালেন করলেন। ওই এক গোলই শেষ পর্যন্ত বার্সেলোনার জয় নিশ্চিত করেছে। তবে লামিনে ইয়ামালের নৈপুণ্যে পাওয়া এই জয় ছাপিয়ে দুশ্চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে স্প্যানিশ উইঙ্গারের চোট।

লা লিগায় গতকাল রাতে সেল্টা ভিগোকে ১-০ গোলে হারিয়ে লিগ শিরোপা ধরে রাখার পথে আরও একধাপ এগিয়ে গেল বার্সেলোনা। ম্যাচের ৪০ মিনিটে বার্সেলোনার হয়ে একমাত্র গোলটি করেন ইয়ামাল। এই কষ্টার্জিত জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষস্থান সুসংহত করল বার্সা। লিগের বাকি থাকা ছয়টি ম্যাচের মধ্যে আগামী ১০ মে হবে এল ক্লাসিকো।

ঘরের মাঠ ক্যাম্প ন্যূতে দানি ওলমোর সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বক্সে ঢুকে পড়েন ইয়ামাল। সেখানে সেল্টার ডিফেন্ডার ইয়োয়েল লাগোকে কাটিয়ে যাওয়ার সময় ফাউলের শিকার হন তিনি। ইয়ামালের নেওয়া নিচু পেনাল্টি শটটি গোলরক্ষক ইয়োনুট রাডু সঠিক দিকে ঝাঁপিয়েও আটকাতে পারেননি। গোল করার পরপরই ১৮ বছর বয়সী ‍উইঙ্গার বেঞ্চের দিকে তাকিয়ে ইশারায় জানান যে তিনি চোট পেয়েছেন।

আসন্ন বিশ্বকাপে স্পেন জাতীয় দলের অন্যতম ভরসা ইয়ামাল গোল উদযাপনের সময় সতীর্থরা কাছে আসতেই মাঠে লুটিয়ে পড়েন। তখন তাকে বাম পায়ের পেছনের অংশ (হ্যামস্ট্রিং) চেপে ধরতে দেখা যায়। চিকিৎসকদের প্রাথমিক সেবার পর ইয়ামাল নিজেই মাঠ ত্যাগ করেন। সাইডলাইনে কোচ হান্সি ফ্লিকের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলে তিনি একাই টানেল দিয়ে ড্রেসিংরুমের দিকে চলে যান।

এই চোটের কারণে বার্সেলোনার হয়ে চলতি মৌসুমের বাকি ম্যাচগুলোতে ইয়ামালকে পাওয়ার সম্ভাবনা প্রায় শেষ। এমনকি নিজের প্রথম বিশ্বকাপে খেলার স্বপ্নেও বড় বাধা হয়ে দাঁড়াতে পারে এই চোট। ইএসপিএন জানিয়েছে, ইয়ামালের হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে। তাঁর এই চোট কতটা গুরুতর এবং সুস্থ হয়ে ফিরতে ঠিক কতদিন সময় লাগবে, তা বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পরেই জানা যাবে।

এরমধ্যে গ্যালারিতে এক দর্শকের জরুরি চিকিৎসা প্রয়োজনের কারণে বার্সা-সেল্টা ম্যাচ ১৫ মিনিটের বেশি বন্ধ ছিল। খেলা পুনরায় শুরু হলে ইয়ামালের পরিবর্তে রনি বারদঘিকে মাঠে নামানো হয়।

ম্যাচ শেষে মুভিস্টার-কে বার্সা মিডফিল্ডার পেদ্রি বলেন, ‘আমাদের প্রতিটি ম্যাচ জিততে হবে এবং যত দ্রুত সম্ভব লা লিগা নিশ্চিত করতে হবে। আজকের জয়টি খুব গুরুত্বপূর্ণ ছিল। আশা করি লামিনের চোট খুব বেশি গুরুতর হবে না এবং কয়েক সপ্তাহের মধ্যেই সে ফিরবে। আগামীকাল তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে, তখনই আমরা বিস্তারিত জানতে পারব।’

গত সপ্তাহে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ার পর প্রথমবারের মতো মাঠে নেমেছিল হান্সি ফ্লিকের বার্সা। কিন্তু কাতালান ক্লাবটির খেলায় চিরচেনা সেই আক্রমণাত্মক ধার লক্ষ্য করা যায়নি।

লা লিগার অন্য ম্যাচে আতলেতিকো মাদ্রিদ পয়েন্ট টেবিলে ১৬ নম্বরে থাকা এলচের কাছে ৩-২ গোলে হেরেছে। এই নিয়ে লিগে টানা চার ম্যাচ হারল দিয়েগো সিমিওনের দল। ৩২ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে তারা। আগামী ২৯ এপ্রিল চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগের লড়াইয়ে নামবে আতলেতিকো মাদ্রিদ।

ভারতে ট্রাক-গাড়ির সংঘর্ষ, নিহত ১১

ইয়ামালের চোটে ম্লান বার্সার জয়

ভারতের উত্তর প্রদেশের মির্জাপুর জেলার ড্রামান্দগঞ্জ এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন। গতকাল বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে ড্রামান্দগঞ্জ উপত্যকা থেকে লাসোদা এলাকার দিকে নামার পথে একাধিক যানবাহনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

মির্জাপুর জেলার পুলিশ সুপার অপর্ণা রাজাত কৌশিক জানান, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অন্য একটি ট্রাককে সজোরে ধাক্কা দিলে এই মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, পেছন থেকে আসা ট্রাকটির ব্রেক ফেল করার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

সংঘর্ষের সময় একটি ছোট গাড়ি দুটি ট্রাকের মাঝখানে আটকা পড়ে দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার ধারাবাহিকতায় আরও একটি যানবাহন এতে জড়িয়ে পড়ে এবং সেটিতে আগুন ধরে যায়।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধারকাজ শুরু করেন। পুলিশ সুপার নিশ্চিত করেছেন যে, এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত ট্রাক দুটির একটি বিহার এবং অন্যটি মধ্যপ্রদেশের নিবন্ধিত। এছাড়া ক্ষতিগ্রস্ত গাড়িগুলোর মধ্যে একটি সোনভদ্র এবং অন্যটি মির্জাপুর জেলার। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে ক্ষতিগ্রস্ত সড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করে যাচ্ছে। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

সংসদে সংরক্ষিত আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ: ইসি

ইয়ামালের চোটে ম্লান বার্সার জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত ৩৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাছাই কার্যক্রম শেষে এই ঘোষণা দেওয়া হয়।

বিএনপি সমর্থিত যে ৩৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে তারা হলেন, সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুন রায় চৌধুরী, জীবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার ঠাকুর, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

অন্যদিকে, গতকাল বুধবার জামায়াত জোট মনোনীত ১৩ জন প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল কমিশন। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়ন নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি ইসি। সকল যাচাই-বাছাই শেষে এখন পরবর্তী আনুষ্ঠানিকতার দিকে এগোচ্ছে কমিশন।

অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল

ইয়ামালের চোটে ম্লান বার্সার জয়

বিদেশস্থ বাংলাদেশ মিশনে রাষ্ট্রদূত হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ড. এম. মাহফুজুল হকের অবশিষ্ট নিয়োগ বাতিল করেছে সরকার। অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি।

বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী তার যে চুক্তিভিত্তিক নিয়োগ ছিল, তার অবশিষ্ট মেয়াদ জনস্বার্থে বাতিল করা হয়েছে।

উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর মাহফুজুল হককে পর্তুগালের রাষ্ট্রদূত নিয়োগ দেয়া হয়েছিল।

×